নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বহু জল ঘোলার পর অবশেষে এনডিএ'র শরিক হয়েই একসাথে ভিলেজ কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি এবং তিপ্রা মথা। বিষয়টি সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকেই চূড়ান্ত হয়। রবিবার গভীর রাতে আগরতলায় একটি বেসরকারি হোটেলে দুই দলের নেতৃত্বদের বৈঠকে সংশ্লিষ্ট বিষয়টি বিস্তারিতভাবে আলোচিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন তিপ্রা মথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা, প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা এডিসির সিইএম রুনিয়াল দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ ।অপরদিকে বিজেপি দলের হয়ে বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী টিংকু রায় ,মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং প্রদেশ বিজেপি নেতৃত্ব বিপিন দেববর্মা। দীর্ঘ ম্যারাথন বৈঠকে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে দুই দলের নেতৃবৃন্দ চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়। বৈঠক শেষে রাত প্রায় আড়াইটা নাগাদ দু দলের নেতৃবৃন্দকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী রতন লাল নাথ জানান, সুন্দরভাবে আলোচনা সম্পন্ন হয়েছে। এনডিএ'র হয়ে একসাথে লড়াই করা নিয়ে দুই দলই সিদ্ধান্ত নিয়েছে। আসন সমঝোতা হয়ে গেছে। সোমবার থেকে আসন সমঝোতা অনুসারে দুই দল ভিলেজ কমিটির নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করবে। এদিকে জোট সরকারের সিনিয়র মন্ত্রী রতনলাল নাথের বিবৃতির পরও বিভিন্ন বিষয় নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়ে গেছে। অস্পষ্টতা রয়েছে এতদিন পর্যন্ত তিপ্রা মথা দলের পক্ষের দাখিল করা মনোনয়নপত্র গুলির কি হবে ,সেই বিষয়টি নিয়ে। পাশাপাশি নির্বাচনে প্রচার অভিযান কি হবে সংশ্লিষ্ট বিষয়টি নিয়েও ধোঁয়াশা রয়ে গেছে। বিষয়গুলি স্পস্টিকরণের জন্য সোমবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এবং তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজে মুখ্যমন্ত্রী দিল্লি চলে যাওয়ায় এই বৈঠকটি সোমবার অনুষ্ঠিত হচ্ছে না বলে জানা গেছে। অপর একটি সূত্রের সংবাদ বিকেলের দিকে দুই দলের সমঝোতা নিয়ে স্পষ্টিকরনের লক্ষ্যে মথা সুপ্রিমো এবং প্রদেশ বিজেপি সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে একটি বৈঠক হতে পারে।