নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ যুবরানগর ব্লকের অন্তর্গত রাজনগর গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত জল জীবন মিশনের পাম্প থেকে গত দীর্ঘ তিন মাস ধরে কোনো পানীয় জল পাচ্ছেন না ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন মাস ধরে পাম্পের একটি প্রধান সংযোগ লাইন সম্পূর্ণ বিকল হয়ে পড়ে রয়েছে। এই বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ জানানো সত্ত্বেও দীর্ঘদিনে কোনো সমাধান মেলেনি।পরিস্থিতি চরম আকার ধারণ করায় বৃহস্পতিবার ৪ নম্বর ওয়ার্ডের বিক্ষুব্ধ মহিলারা পাম্প হাউসের সামনে জড়ো হয়ে থালা ঝুলিয়ে চলে যান। প্রতিবাদী মহিলাদের অভিযোগ, প্রকল্পের কাজ চলাকালীন অত্যন্ত নিম্নমানের পাইপ ব্যবহার করা হয়েছিল, যার মাশুল এখন সাধারণ গ্রামবাসীদের গুনতে হচ্ছে। লাইনের এক জায়গায় মেরামত করে গেলে অন্য জায়গায় ফেটে গিয়ে জল অপচয় হচ্ছে এবং সরবরাহ বন্ধ হয়ে পড়ছে।থালা ঝুলিয়ে মহিলারা পাম্প অপারেটর দেবাশীষ দেবনাথের সঙ্গে সরাসরি কথা বলেন। অপারেটর দেবাশীষ দেবনাথ জানান, তিনি বিষয়টি সংশ্লিষ্ট উচ্চতর দপ্তরের নজরে আনছেন এবং দ্রুত পাইপ সারিয়ে পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন। কিন্তু চাবি মহিলা নিজেদের হেফাজতে ই রেখেছেন। তবে আন্দোলনকারী মহিলাদের স্পষ্ট বার্তা দ্রুত এই পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান না হলে তাঁরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।