ইতিহাসের পাতায় রিবাকিনা, প্রথম কাজাখ হিসেবে বিশ্বসেরা

Sep 10, 2026

ইতিহাসের পাতায় রিবাকিনা, প্রথম কাজাখ হিসেবে বিশ্বসেরা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ নারী টেনিসে দীর্ঘ ৯৯ সপ্তাহের রাজত্বের অবসান ঘটতে যাচ্ছে। নতুন বিশ্বসেরা হিসেবে শীর্ষস্থান দখল করতে চলেছেন কাজাখস্তানের এলেনা রিবাকিনা। ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে চীনের জেং কিনওয়েনকে হারিয়েই র‍্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান নিশ্চিত করেছেন তিনি।বুধবার রাতে প্রথম সেটে ৩-৬ ব্যবধানে হেরে গেলেও দুর্দান্ত প্রত্যাবর্তন করেন রিবাকিনা। পরের দুই সেটে ৬-১, ৬-৪ ব্যবধানে জয় তুলে নিয়ে ম্যাচ নিজের করে নেন তিনি। ফলে সোমবার র‍্যাঙ্কিং প্রকাশের পর ফলাফল যা-ই হোক, শীর্ষস্থান নিশ্চিত থাকবে তার।এর মাধ্যমে আরিনা সাবালেঙ্কাকে সরিয়ে বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড় হতে যাচ্ছেন রিবাকিনা। শুধু তাই নয়, কাজাখস্তানের ইতিহাসে প্রথম নারী বা পুরুষ—সব মিলিয়ে প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে একক র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠবেন তিনি।চলতি মৌসুমে বেশ কিছুদিন ধরেই সাবালেঙ্কার খুব কাছাকাছি ছিলেন রিবাকিনা। ইউএস ওপেন শুরুর সময় বিশ্বসেরা হওয়ার দৌড়ে তাদের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের দুই তারকা জেসিকা পেগুলা ও কোকো গফ। তবে পেগুলা ও গফের শীর্ষে উঠতে হলে ইউএস ওপেনের শিরোপা জেতার পাশাপাশি রিবাকিনার সেমিফাইনালের আগেই বিদায় নেওয়াটা প্রয়োজন ছিল। কোয়ার্টার ফাইনালে রিবাকিনা জয় পাওয়ায় সেই সমীকরণও শেষ হয়ে গেছে।সাবালেঙ্কার শীর্ষে থাকার বর্তমান অধ্যায় শুরু হয়েছিল ২০২৪ সালের ২১ অক্টোবর। টানা ৯৯ সপ্তাহ এক নম্বরে থাকা ডব্লিউটিএ ইতিহাসে টানা শীর্ষে থাকার হিসেবে ষষ্ঠ দীর্ঘতম সময়।এবার ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা ও সাবালেঙ্কা মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে। চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও তাদের দেখা হয়েছিল। সেবার তিন সেটের লড়াইয়ে সাবালেঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছিলেন রিবাকিনা।তবে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পাওয়ার চেয়ে ইউএস ওপেনের ট্রফিই এখন রিবাকিনার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, র‍্যাঙ্কিংয়ের এক নম্বর হওয়া নিঃসন্দেহে বড় অর্জন হলেও তার মূল লক্ষ্য প্রতিটি টুর্নামেন্ট জেতা। একই সঙ্গে টেনিসে র‍্যাঙ্কিং যে দ্রুত বদলে যেতে পারে, সেটিও মনে করিয়ে দিয়েছেন তিনি।