ভিসি নির্বাচনে এনডিএ শরিক হয়েই লড়াই করবে বিজেপি, আইপিএফটি এবং মথা, আসন সংখ্যার কথা উহ্য রেখে জানালেন মুখ্যমন্ত্রী

Sep 11, 2026

ভিসি নির্বাচনে এনডিএ শরিক হয়েই লড়াই করবে বিজেপি, আইপিএফটি এবং মথা, আসন সংখ্যার কথা উহ্য রেখে জানালেন মুখ্যমন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ভিলেজ কমিটির নির্বাচনে জোট নিয়ে এখনও যৌথ ঘোষণা হয়নি। কোন দল কত সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিষয়টি এখনো স্পষ্ট নয়। কিন্তু সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে কিছুটা আভাস দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। শুক্রবার রাজধানীর এনএসআরসিসিতে স্বামী বিবেকানন্দ এবং নেতাজী সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনে জোট নিয়ে অনেকটা এগিয়ে চলার পরও জোট হয়নি। জোট রাজনীতির ইতিহাসে বিষয়টি নতুন কিছুই নয়। মুখ্যমন্ত্রী বলেন ,বিজেপি দল জোট পার্টিকে কোনদিন ছাড়ে না। তিনি আরো জানান ,ভিলেজ কমিটির নির্বাচনেও জোট নিয়ে আলোচনা হয়। আলোচনায় সবাই এনডিএ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে ।অর্থাৎ ভিলেজ কমিটির নির্বাচনে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথা এনডিএ জোট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে ।বিষয়টি নিয়ে একটি ত্রি দলীয় কমিটি গঠন করা হয়েছে ।কমিটি গোটা বিষয় নিয়ে কথা বলছে ।মুখ্যমন্ত্রী আরও জানান ,শুক্রবার মনোনয়নপত্র প্রত্যাহারের পর কোন দল কত আসনে লড়াই করছে তা স্পষ্ট হয়ে যাবে।প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ৯ সেপ্টেম্বর ভিলেজ কমিটির নির্বাচনের জন্য দাখিলকৃত মনোনয়ন পত্রগুলির স্ক্রটিনির কাজ সম্পন্ন হয়। এতে দেখা যায় তিপ্রা মথা দল ১ হাজির ১৪৮টি আসনে বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছেন ।এই সংখ্যা গোটা ভিলেজ কমিটির নির্বাচনের মোট আসনের ২৫ শতাংশ। অপরদিকে জোটের প্রধান দল বিজেপির মাত্র ৩২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই হিসেব বিশ্লেষণে বলা যায় ,আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে বাকি ৭৫ শতাংশ আসন নিয়েই তিন দলের মধ্যে কে  কতসংখ্যক আসনে লড়াই করবে তা নির্ধারিত হবে। সেই নিরিখে বলাই যায়, ভিসি নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক আসনে লড়াই করতে চলেছে তিপ্রা মথা দল।

বিভাগ