নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ত্রিপুরায় প্রায় ১০টি লাওয়ারিশ হাতির করুণ অবস্থা ঘিরে উঠছে একের পর এক প্রশ্ন। পর্যাপ্ত খাবার ও চিকিৎসার অভাবে হাতিগুলি অসুস্থ হয়ে পড়ছে বলে অভিযোগ। পশুপ্রেমীদের দাবি, ইতিমধ্যেই তিনটি হাতির মৃত্যু হয়েছে। জানা গেছে, হাতিগুলির মালিকরা ব্যয় বহন করতে না পেরে আগে বনতারা-র কাছে হাতিগুলি দান করেছিলেন। এর আগে ত্রিপুরা থেকে ২৮টি হাতিকে বনতারা গুজরাটের জামনগরে নিয়ে গেলেও বর্তমানে এই প্রায় ১০টি হাতিকে গ্রহণ করছে না বলে অভিযোগ। এদিকে ধর্মনগরে পশুপ্রেমীরা এগিয়ে এসে হাতিগুলিকে ফলমূলসহ বিভিন্ন খাবার দিচ্ছেন। আহত হাতিগুলির চিকিৎসাও শুরু হয়েছে। চিকিৎসক বেলি দেববর্মা জানান, দুটি হাতির শরীরে একাধিক ক্ষত রয়েছে। পশুপ্রেমীদের দাবি, দ্রুত হাতিগুলিকে নিরাপদ আশ্রয়ে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা ও পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হোক।