নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলীর পশ্চিম কাঞ্চনমালা এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে চোরের দল হানা দিয়ে পরেশ মজুমদার, প্রবীর মজুমদার ও প্রশান্ত চৌধুরীর বাড়ি থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ।ভুক্তভোগীদের দাবি, চুরি হয়ে যাওয়া তিনটি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। শুক্রবার সকালে বাড়ির গোয়ালঘর থেকে গরু বের করতে গিয়ে বিষয়টি প্রথম নজরে আসে তাঁদের। এরপর চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরির ঘটনা তদন্ত করে।স্থানীয়দের দাবি, এদিন গভীর রাতে আরও কয়েকটি বাড়ি থেকে গরু চুরির চেষ্টা চালিয়েছিল চোরের দল। তবে সেই চেষ্টা সফল হয়নি। উল্লেখ্য, প্রায় দুই বছর আগেও কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকায় একই কায়দায় দুইটি বাড়ি থেকে একাধিক গরু চুরির ঘটনা ঘটেছিল। দীর্ঘদিন পর ফের একই এলাকায় একই ধরনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন গো-পালকরা।ভুক্তভোগী পরেশ মজুমদার জানান, গরুর দুধ বিক্রি করেই মূলত তাঁর সংসার চলে। প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ লিটার দুধ বিক্রি করেন তিনি। গরু চুরি হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়েছেন বলে জানান তিনি। পরেশ মজুমদার, প্রবীর মজুমদার ও প্রশান্ত চৌধুরী পুলিশ প্রশাসনের কাছে দ্রুত চুরি যাওয়া গরু উদ্ধার এবং চোরের দলকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তাঁদের আশা, পুলিশ সক্রিয়ভাবে তদন্ত করলে চুরি যাওয়া গরুসহ অভিযুক্তদের দ্রুত জালে তোলা সম্ভব হবে।