ইসরাইলকে ভালোবাসি, নেতানিয়াহুকে নয়: হিলারি

Sep 12, 2026

ইসরাইলকে ভালোবাসি, নেতানিয়াহুকে নয়: হিলারি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ইসরাইলের আগামী নির্বাচনকে সামনে রেখে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতি ও সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। নেতানিয়াহু যদি নতুন নির্বাচনে জিতে আবার ক্ষমতায় ফেরেন, তবে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে আরও শক্ত ভূমিকা নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। সম্প্রতি ‘এমএস নাউ’-এর ‘মর্নিং জো’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করেন হিলারি। তিনি বলেন, আমি বারবার বলেছি—আমি ইসরাইলকে ভালোবাসি, তবে নেতানিয়াহুর সরকার ও তার নীতিকে মন থেকে অপছন্দ করি। ঠিক একইভাবে আমি নিজের দেশ আমেরিকাকে ভালোবাসি, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সরকার ও তার কাজকর্মকে একদম মানতে পারি না। ইসরাইলে যা হচ্ছে তা তাদের দেশের ভবিষ্যতের জন্য যেমন ক্ষতিকর, তেমনি যুক্তরাষ্ট্রের জন্যও বেশ উদ্বেগের।সাক্ষাৎকারে হিলারি আরও উল্লেখ করেন, নেতানিয়াহু পুনরায় ক্ষমতায় এলে ওয়াশিংটনের নীতি আরও কঠোর হওয়া প্রয়োজন। তবে ইসরাইলে নতুন কোনো নেতৃত্ব এলে যুক্তরাষ্ট্র তাদের সাথে অনেক সহজ ও কার্যকরভাবে কাজ করতে পারবে বলে তিনি মনে করেন। ইসরাইলি রাজনীতিতে তীব্র প্রতিযোগিতা চলাকালীন হিলারির এমন বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি বিভিন্ন মতামত জরিপে দেখা যাচ্ছে, নেতানিয়াহুর জোটের চেয়ে বিরোধী দলগুলো কিছুটা এগিয়ে থাকলেও কোনো পক্ষই এককভাবে সরকার গড়ার মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না।ইতোমধ্যে সাতবারের মতো প্রধানমন্ত্রীর পদে বসার প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু। তবে একের পর এক রাজনৈতিক চ্যালেঞ্জে তার বর্তমান জোট বেশ নড়বড়ে হয়ে পড়েছে। নিজের আসন ধরে রাখতে তিনি এখন তার মিত্রদের সমর্থনের ওপর অনেকটাই নির্ভর করছেন।