নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ভারতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনকে পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মঞ্চ বলে উল্লেখ করলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র মুখপাত্র ও সাংসদ সুধাংশু ত্রিবেদী। শুক্রবার তিনি বলেন, গত ১২ বছরে ব্রিকসে ভারতের অবস্থানের বিরাট পরিবর্তন ঘটেছে। একসময় ভারত এই গোষ্ঠীর একটি দুর্বল ও গুরুত্বহীন অংশ হিসেবে বিবেচিত হলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এখন ব্রিকসের অন্যতম গুরুত্বপূর্ণ ও শক্তিশালী সদস্যে পরিণত হয়েছে। সুধাংশু ত্রিবেদী বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রমাগত যুদ্ধ ও সংঘাত চলছে। এই সময়ে ব্রিকসের মতো বৈশ্বিক মঞ্চের প্রাসঙ্গিকতা আরও বেড়ে যায়। ভারতের এই সম্মেলনের আয়োজন করা দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি প্রায় ৪০ শতাংশ বৈশ্বিক জিডিপি ও বিশ্বের প্রায় ৫০ শতাংশ জনসংখ্যার প্রতিনিধিত্ব করে। ফলে এই মঞ্চে হওয়া আলোচনা ও গৃহীত সিদ্ধান্তগুলির বৈশ্বিক স্তরে ব্যাপক প্রভাব পড়তে পারে। সুধাংশু ত্রিবেদীর মতে, সম্মেলনে অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসায়িক সুযোগের পাশাপাশি কৃষি, জেনেটিক্স, স্বাস্থ্য এবং পরিবেশের মতো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির মধ্যে ভারতের আয়োজনে হতে যাওয়া এই শীর্ষ সম্মেলনটি ইতিবাচক ও কার্যকর ভূমিকা পালন করবে। সুধাংশু ত্রিবেদী আরও বলেন, ব্রিকসের পরিবর্তিত রূপরেখায় ভারতের ক্রমবর্ধমান ভূমিকা দেশের শক্তিশালী বৈশ্বিক অবস্থানকে তুলে ধরে। মোদীর নেতৃত্বে ভারত অন্যান্য সদস্য দেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সহযোগিতার নতুন পথ খোঁজার অভিমুখে এগিয়ে চলেছে। প্রসঙ্গত, ব্রিকস হলো বিশ্বের প্রধান উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংস্থা। ব্রিকস জোটে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা| এছাড়াও ২০২৪ সালে আরও পাঁচটি দেশ— মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহি ব্রিকস জোটে যোগ দেয়। ২০২৫ সালে ইন্দোনেশিয়াকেও এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত করা হয়। এই বছর ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ভারত।