এক হোস্টেল ছাত্রীর আত্মহত্যার চেষ্টা ঘিরে চাঞ্চল্য

Sep 14, 2026

এক হোস্টেল ছাত্রীর আত্মহত্যার চেষ্টা ঘিরে চাঞ্চল্য

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   হোস্টেলের ছাদ থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা করল এক ছাত্রী। ঘটনায় গুরুতর আহত হয় সে। ঘটনার সোমবার সকাল সাড়ে দশটার পর রাজধানীর সুপারি বাগানস্হিত অঙ্গ মোহিনী গার্লস হোস্টেলে। জানা গেছে ,মেয়েটি সপ্তম শ্রেণীর ছাত্রী ।বাড়ি ছামনু এলাকায়। অন্যান্য দিনের মতোই সোমবারও স্বাভাবিক ছিল সে। অন্যান্য ছাত্রীদের সাথে খাওয়া দাওয়াও করে। অন্য ছাত্রীরা বিদ্যালয়ে চলে যায় ।কিন্তু সপ্তম শ্রেণীর এই ছাত্রীটি বিদ্যালয়ে যায়নি ,সে হোস্টেলেই থাকে। বেলা সাড়ে দশটার কিছু পর ছাদে উঠে সে ।  তারপর ছাদ থেকে ঝাঁপিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় । হোস্টেলে থাকা কয়েকজন ছাত্রীর চিৎকার শুনে নিজ ঘর থেকে বেরিয়ে আসেন হোস্টেল সুপার বন্দনা সরকার। খবর দেওয়া হয় দমকল অফিসে ।দমকল কর্মীরা ছাত্রীটিকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। এদিন অঙ্গ মোহিনী গার্লস হোস্টেলের হোস্টেল সুপার বন্দনা সরকার এই সংবাদ জানান। খবর পেয়ে দ্রুত গার্লস হোস্টেলে ছুটে যান মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি প্রাথমিকভাবে অন্যান্য ছিত্রীদের থেকে গোটা বিষয়টি জানেন। কথা বলেন হোস্টেল সুপার বন্দনা সরকারের সাথে। এরপর জিবি হাসপাতালে ছুটে যান মন্ত্রী বিকাশ দেববর্মা। ছাত্রীটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন। ছাত্রীর আত্মহত্যার চেষ্টার বিষয়টিকে প্রাথমিকভাবে দুর্ঘটনা বলেই মনে করছেন মন্ত্রী বিকাশ দেববর্মা ।জিবি হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আহত ছাত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন তিনি।তিনি জানান ,ঘটনাটি প্রকৃতপক্ষে কি তা খতিয়ে দেখা হবে। ঘটনার তদন্ত করবে পুলিশ। জিবি হাসপাতাল সূত্রে জানা গেছে ছাত্রীটির অবস্থা আশঙ্কাজনক।ছাত্রীটির অভিভাবকদের ছামনু থেকে আগরতলায় নিয়ে আসা হয়েছে।এদিকে স্কুল ছাত্রীর আত্মহত্যার চেষ্টার ঘটনায় সংশ্লিষ্ট হোস্টেলের অন্যান্য ছাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।