নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ এবছর প্রথমবার তেলিয়ামুড়ায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হচ্ছে তেলিয়ামুড়া ইউথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে গণপতি উৎসব এবং মেলা। তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্র তথা টাউন হল মাঠে সোমবার থেকে শুরু হয়েছে এই বিশেষ উৎসব ও মেলা। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। প্রথমবারের এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই তেলিয়ামুড়া মহকুমাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।সোমবার, গণেশ চতুর্থীর পূর্ণ লগ্নে গণেশ মণ্ডপের ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, তেলিয়ামুড়া ইউথ অ্যাসোসিয়েশনের সভাপতি অনির্বাণ সরকার, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।উৎসব উপলক্ষে টাউন হল মাঠজুড়ে তৈরি করা হয়েছে মনোরম পরিবেশ। গণেশ পূজাকে কেন্দ্র করে ধর্মীয় আবহের পাশাপাশি মেলায় থাকছে বিভিন্ন আকর্ষণ। ফলে পুজো, আনন্দ ও বিনোদনের এই মিলনমেলায় আগামী কয়েকদিন তেলিয়ামুড়া টাউন হল মাঠে মানুষের ভিড় বাড়বে বলেই মনে করছেন আয়োজকরা। তেলিয়ামুড়া ইউথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের এই গণপতি উৎসব এবং মেলা ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব।