প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকাদের সম্মান জানালেন মন্ত্রী সুধাংশু দাস

Sep 14, 2026

প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকাদের সম্মান জানালেন মন্ত্রী সুধাংশু দাস

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ শিক্ষক দিবসের আনুষ্ঠানিকতা পেরিয়ে গেলেও সম্মানের রেশ যেন কাটেনি ঊনকোটি জেলার ফটিকরায়ে। গত ৫ সেপ্টেম্বর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে দেশজুড়ে পালিত হয়েছে ৬৫তম শিক্ষক দিবস। আর তার কয়েকদিন পরেই ফটিকরায়ে এলাকার শিক্ষক-শিক্ষিকাদের সম্মান জানাতে এগিয়ে এলেন মন্ত্রী সুধাংশু দাস।ফটিকরায়ের নজরুল কলাকেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুমতি দাস, প্রাক্তন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার-সহ এলাকার প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকারা।সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা থেকে দেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে একাধিক প্রসঙ্গ তুলে ধরেন মন্ত্রী সুধাংশু দাস। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, ভারতকে দুর্বল করার উদ্দেশ্যে নালন্দা ধ্বংস করা হয়েছিল। ব্রিটিশ শাসনে দেশের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।তাঁর বক্তব্যে উঠে আসে বর্তমান সময়ের শিক্ষিত সমাজ এবং দেশের বিভিন্ন সমস্যা মোকাবিলার চ্যালেঞ্জের কথাও।এদিন এলাকার শিক্ষক-শিক্ষিকাদের সম্মান জানাতে গিয়ে একে একে প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকাদের হাতে মন্ত্রি সহ অন্যান্য অতিথিরা তুলে দেন সম্মাননা স্মারক ও উপহার। মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে এই সম্মাননা পেয়ে খুশি শিক্ষক-শিক্ষিকারা।