নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আগরতলার যোগেন্দ্রনগরে প্রাতঃভ্রমণে বের হওয়া এক মহিলার কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণের চেইন উদ্ধার করেছে পূর্ব থানার পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, গত ১১ সেপ্টেম্বর যোগেন্দ্রনগর এলাকায় এক মহিলার কাছ থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটে। তদন্তে নেমে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। তাদের মধ্যে একজন বর্তমানে জেল হেফাজতে রয়েছে এবং অপরজন পুলিশ রিমান্ডে রয়েছে।পুলিশ রিমান্ডে থাকা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ছিনতাই করা স্বর্ণের চেইনটি গোল্ড লোনের কাছে বন্ধক রেখে প্রায় ১ লক্ষ ২৮ হাজার টাকা নেওয়া হয়েছিল। পরবর্তীতে পুলিশ সংশ্লিষ্ট স্থান থেকে চেইনটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। উদ্ধার হওয়া স্বর্ণের চেইনটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা বলে জানান ওসি।এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি আসন্ন পুজোর দিনগুলিতে ছিনতাইসহ অপরাধমূলক ঘটনা রুখতে শহরের বিভিন্ন এলাকায় পুলিশের নিয়মিত টহলদারি জোরদার করা হবে বলেও জানান পূর্ব থানার ওসি।