নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বুধবার প্রথমবারের মতো রাজ্যে শিশুদের অধিকার, নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা নিয়ে শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করল ত্রিপুরা রাজ্য শিশু অধিকার কমিশন। এই অনুষ্ঠানে রাজ্যের ৮ জেলা থেকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, চাইল্ড হেল্প লাইন, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন অফিসার ,জেলা সামাজ শিক্ষা দপ্তরের ইন্সপেক্টর তথা ডায়স ,ত্রিপুরা রাজ্য শিশু অধিকার কমিশনের মেম্বার সেক্রেটারি মাধব পাল ,মেম্বার চামেলী সাহা, গৌতম শীল এবং মনিকা দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। কনক্লেভে রাজ্যের শিশুদের অধিকার, নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর পাশাপাশি শিশু পাচার প্রতিরোধ, সীমান্ত এলাকার শিশুদের সুরক্ষা, অনলাইনে শিশুদের নিরাপত্তা ও সাইবার সুরক্ষা নিয়েও কনক্লেভে আলোচনা করা হয়। শিশু অধিকার কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা এই সংবাদ জানান ।তিনি জানান, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের সুরক্ষা প্রদানের জন্য তাদের বিভিন্ন সমস্যার সমাধান করার লক্ষ্যেই প্রথমবারের মতো এই ধরনের কনক্লেভের আয়োজন করা হয়েছে। তিনি আরো জানান ,প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন ।এই ক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মকে কি করে আরো ভালো সুরক্ষা প্রদান করা যায় সেই বিষয়ে এই কনক্লেভে বিস্তারিত আলোচনা হয়েছে। রাজ্য শিশু অধিকার কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা জানান, রাজ্যকে বাল্যবিবাহ মুক্ত করতে প্রতিটি জেলায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটি গঠন করা হয়েছে। এর পাশাপাশি ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন ইউনিট এবং চাইল্ড হেল্প লাইন এই ক্ষেত্রে কাজ করে চলছে। তিনি আরো জানান ,এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন ব্লকে একশটিরও বেশি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। আয়োজন করা হয়েছে পথনাটক এবং পুতুল নাচ। তিনি আরো জানান, এবার দ্বিতীয় পর্যায়ে পঞ্চায়েত স্তরে বাল্যবিবাহ মুক্ত পঞ্চায়েত গঠনের লক্ষ্যে সচেতনতামূলক অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হবে।