নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ এডিসির ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জনজাতিদের মধ্যে ঐক্য বিনষ্টের খেলায় মেতেছে রাজ্যের একাংশ। মগ এবং চাকমা সম্প্রদায় কে নিয়েই চলছে এই সাম্প্রদায়িক সুড়সুড়ির খেলা। এই খেলায় হাতিয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছে মথা দলের ফ্ল্যাগ এবং ফেস্টুন। স্লোগান তোলা হচ্ছে 'বাংলাদেশী চাকমা এবং মগ গো ব্যাক'। সামাজিক মাধ্যমেও এর প্রচার চলছে। সামাজিক মাধ্যমে এই প্রচার প্রত্যক্ষ করে এক প্রকার আতঙ্কিত রাজ্যের নেটিজেনরা। বিভিন্ন মহলেই বিষয়টি উদ্বেগ ছড়াচ্ছে। এই অবস্থায় সংশ্লিষ্ট বিষয়ের প্রতি ব্যবস্থা গ্রহণের দাবিতে শনিবার রাজ্য নির্বাচন কমিশনের নিকট স্মারকলিপি প্রদান করে তিপ্রা মথাদল। এই প্রতিনিধিমূলক ডেপুটেশন এবং স্মারকলিপি প্রদানের নেতৃত্বে ছিলেন মথার যুব সংগঠনের রাজ্য সভাপতি তথা এমডিসি সুরজ দেববর্মা, টিআইএসএফ টাউন কমিটির কনভেনার অমৃত রিয়াং,টি ডব্লিউ এফ এর দক্ষিণ জেলা সভানেত্রী স্বপ্নাতি রিয়াং সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমডিসি সুরজ দেববর্মা জানান ,সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনেও এই ধরনের সাম্প্রদায়িক সুড়সুড়ির খেলা ছিল। থানসার ভয়ে ভীতসন্ত্রস্ত হয়েই এডিসির নির্বাচনের মত ভিলেজ কমিটির নির্বাচনেও এই উস্কানিমূলক প্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, এডিসি নির্বাচনে এই সাম্প্রদায়িক সুড়সুড়ি কোন কাজে আসেনি। ভিলেজ কমিটির নির্বাচনেও এই ধরনের সাম্প্রদায়িক সুড়সুড়ি কোন কাজে আসবে না। সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের নিকট দাবি জানান তিপ্রা মথার এমডিসি সুরজ দেববর্মা। এদিন ডেপুটেশন প্রদানকালে সংশ্লিষ্ট বিষয়ে একটি ভিডিও ক্লিপিং নির্বাচন কমিশনের হাতে তুলে দেন মথা নেতৃবৃন্দ। বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন মহল থেকেও।