নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ এমবিবি বিমানবন্দরের সামনে আটক তিন বাংলাদেশি মহিলা সহ এক ভারতীয় টাউট। বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা তাদের বিমানবন্দরের আশেপাশে ঘোরাফেরা করতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং তাদের আটক করে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ,ভারতীয় টাউট মাজারুল ইসলামের মাধ্যমে তারা বাংলাদেশের খুলনা জেলা থেকে সোনামুড়া হয়ে আগরতলায় আসে ।তাদের গন্তব্যস্থল ছিল গোহাটি। বিমান পথেই তাদের গোহাটি যাওয়ার কথা ছিল ।তাদের কাছে বিমানের টিকিটও ছিল। কিন্তু জিজ্ঞাসাবাদে তারা কোন ভারতীয় নথিপত্র দেখাতে পারেনি। ফলে পুলিশ ফরেনার এক্ট এবং পাসপোর্ট আইনে তাদের গ্রেফতার করে। শুক্রবার পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাদের মোহনপুর মহকুমা আদালতে সোপর্দ করে এয়ারপোর্ট থানার পুলিশ। এয়ারপোর্ট থানার ইনচার্জ শ্যামল দেবনাথ এই সংবাদ জানান। এদিন এয়ারপোর্ট থানার ইনচার্জ শ্যামল দেবনাথ জানান, কাজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে আগরতলা হয়ে গোহাটি যাওয়ার লক্ষ্যেই তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় প্রবেশ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন ধৃত মহিলারা। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।