নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ এবারের ভিলেজ কমিটি নির্বাচনে সিপিআইএম, সিপিআই ,ফরওয়ার্ড ব্লক, আরএসপি -এই চারটি বামপন্থী দলের সাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করছে সিপিআইএমএল। পাঁচটি বিষয়কে সামনে রেখে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সিপিআইএমএল। এদিন আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে এই বিষয়গুলি তুলে ধরেন দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠকের পর মুখ্যমন্ত্রী এবং তিপ্রা মথা সুপ্রিমো প্রচার করে চলছেন ,নির্বাচনের পর এক মাসের মধ্যেই টিপ্রাসা চুক্তি ও ভূমির অধিকার বাস্তবায়িত করা হবে। বিষয়টির সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে জানান তিনি। সিপিআইএমএল রাজ্য সম্পাদক বলেন, সংবিধানের ২৪৪-এর ২ ধারাতে বলা হয়েছে, এডিসিকে জমি ব্যবহারের ক্ষমতা দেওয়া হয়েছে। বাসস্থান ,কৃষিকাজ এবং চারণভূমির জন্য এডিসির হাতে জমির অধিকার রয়েছে ।কিন্তু ভুমি হস্তান্তরের কোন ক্ষমতা এডিসির হাতে নেই। ভুমি হস্তান্তরের ক্ষমতা আনতে হলে সংবিধানের ষষ্ঠ তফসিলের সংশোধন ছাড়া কোনভাবেই সম্ভব নয় বলে জানিয়ে তিনি বলেন ,তিপ্রিসা চুক্তির মাধ্যমে এই অধিকার আসবে না। বিষয়টিকে চরম বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করেন তিনি। সাংবাদিক সম্মেলনে তিনি জানান ,বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে ভিলেজ কমিটির নির্বাচনে লড়াই করছে ।সিপিআইএম এর পাঁচটি ভিলেজে সিপিআইএমএল এর প্রার্থী রয়েছে। তিনি বলেন, বামপন্থীরাই প্রকৃত বিরোধী শক্তি ।কর্মসংস্থান ,শিক্ষা, সংস্কৃতি ,স্বশাসনের অধিকার নিয়ে পার্লামেন্ট এবং বিধানসভার ভেতর ও বাইরে বামপন্থীরা লড়াই করছে। তাই আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে বিজেপি এবং মথার সুবিধাবাদী রাজনীতিকে প্রত্যাখ্যান করে এই বামপন্থী শক্তিকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য নির্বাচক মন্ডলীর প্রতি আহ্বান জানান সিপিআইএমএল রাজ্য সম্পাদক পার্থ কর্মকার। সাংবাদিক সম্মেলনের তিনি আরো জানান, ২০২৪ সালের ৩ মার্চ যেতিপ্রিসা চুক্তি হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে ।এ ডি সি এলাকায় ১৬৬৩ টি উচ্চবুনিয়াদি এবং প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেখানে শিক্ষক নেই। ৩০১টি বিদ্যালয়ে একজন করে শিক্ষক রয়েছে। অবিলম্বে এডিসি এলাকার বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট দূরীকরণে উদ্যোগ গ্রহণ করার দাবি জানান তিনি। তিনি আরো জানান, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ৬১ হাজার শুন্য পদ রয়েছে ।এই শূন্য পদ পূরণে রাজ্য সরকারকে নীতি প্রকাশ করতে হবে।