নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণে শনিবার মুক্তধারা অডিটোরিয়ামে বিজেপির এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী আধ্যাপক ডাক্তার মানিক সাহা ,প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, সাবেক রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, অধ্যক্ষ রাম পদ জমাতিয়া,বিজেপি দলের সকল মন্ত্রী ,বিধায়ক এমডিসি, মন্ডল এবং জেলা কমিটির সভাপতিরা। বৈঠকে সাধারণত ভিলেজ কমিটির নির্বাচনের প্রচার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যে সমস্ত কেন্দ্রে বন্ধুত্বপূর্ণ লড়াই চলছে সেখানে কৌশলগতভাবে মতানৈক্যের বিষয়টি এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এদিন বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, প্রচার এবং অন্যান্য বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কিভাবে প্রচার চলবে তার নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি। সেই নির্দেশ অনুসারে প্রচার কাজ চলবে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিকে ভিলেজ কমিটির মত একটি সাধারন তরের নির্বাচনী রণকৌশলের বৈঠকে বিধানসভার অধ্যক্ষ রাম পদ জমাতিয়ার উপস্থিতি ঘিরে বিভিন্ন মহলেই জল্পনা-কল্পনা শুরু হয়েছে। আইনগতভাবে কোন রাজনৈতিক দলের বৈঠকে বিধানসভার অধ্যক্ষ বা স্পিকার যোগ দিতেই পারেন । কিন্তু সংসদীয় গণতন্ত্রের সুস্থ ঐতিহ্য ও নিরপেক্ষতার খাতিরে এই ধরনের সভায় স্পিকারের থাকা উচিত নয় বলে বিভিন্ন মহলের অভিমত।