বয়কটের মধ্যে এবার ‘ট্রাম্প টিভি’ চালু করলেন মার্কিন প্রেসিডেন্ট

Sep 22, 2026

বয়কটের মধ্যে এবার ‘ট্রাম্প টিভি’ চালু করলেন মার্কিন প্রেসিডেন্ট

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ সিএনএনসহ কয়েকটি গণমাধ্যমের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিডিও কভারেজ সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় টেলিভিশন নেটওয়ার্কগুলো। প্রধান গণমাধ্যমগুলোর এই বয়কটের মধ্যেই নিজের নামে টেলিভিশন নিয়ে আসলেন ট্রাম্প। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে হোয়াইট হাউস অনলাইনে ‘ট্রাম্প টিভি’ নামে নিজস্ব ভিডিও ফিড প্রচার শুরু করেছে।হোয়াইট হাউস অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে জানিয়েছে, ‘ট্রাম্প টিভি’ এখন সরাসরি সম্প্রচারে এসেছে। এটি ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন চলবে এবং নিয়মিত হালনাগাদ করা হবে। ট্রাম্পের আগের গুরুত্বপূর্ণ মুহূর্ত, পুরোনো ভাষণ, তার শপথ গ্রহণ অনুষ্ঠান, বিভিন্ন সরকারি ঘোষণার ছবি সম্প্রচারিত হবে।চালুর পরপরই প্ল্যাটফর্মটিতে ট্রাম্পের আগের বিভিন্ন জনসম্মুখে উপস্থিতি ও বক্তব্যের ভিডিও দেখানো হয়। এর মধ্যে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ নেওয়ার অনুষ্ঠানও ছিল। সম্প্রতি সিএনএন, পলিটিকো ও এমএস নাউ-এর বিরুদ্ধে নেতিবাচক ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ এনে তাদের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ নিষিদ্ধ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি সাংবাদিকদের প্রেস ব্যাজও জব্দ করা হয়। এর জবাবে নিষিদ্ধ গণমাধ্যমগুলো প্রথম সংশোধনীর অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আদালতে মামলা করেছে। একইসঙ্গে তাদের প্রতি সংহতি জানিয়ে প্রেস পুলের অন্য নেটওয়ার্কগুলো রাষ্ট্রপতির ভিডিও কভারেজ বন্ধের ঘোষণা দেয় এবং নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের মতো শীর্ষ পত্রিকাগুলোও প্রেসিডেন্টের ছবি প্রকাশ স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানায়।গত শুক্রবার ট্রাম্প প্রশাসন ওই গণমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ নিষিদ্ধ করে। এরপর ওই তিন সংবাদমাধ্যম ফেডারেল আদালতে প্রশাসনের বিরুদ্ধে মামলা করে।

বিভাগ