নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দিল্লিতে ‘পিএম সূর্য ঘর মুফ্ত বিজলি যোজনা’র আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন পোর্টাল চালু করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সোমবার এই পোর্টালের উদ্বোধন করে তিনি জানান, ৩ কিলোওয়াট ক্ষমতা পর্যন্ত সোলার প্যানেল বসানোর সম্পূর্ণ খরচ বহন করবে দিল্লি সরকার, গ্রাহকদের এজন্য কোনও অর্থ ব্যয় করতে হবে না।মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিল্লির ‘ডাবল ইঞ্জিন’ সরকারের এই পদক্ষেপ সরাসরি রাজ্যবাসীকে উপকৃত করবে। পূর্ববর্তী সরকারগুলির ‘পাইয়ে দেওয়ার রাজনীতি’র বিপরীতে বর্তমান সরকার ‘উন্নয়নের রাজনীতি’তে বিশ্বাসী উল্লেখ করে তিনি জানান, এই প্রকল্প দিল্লিতে পরিবেশবান্ধব সবুজ শক্তি উৎপাদনে বড় ভূমিকা নেবে। তিনি আরও জানান, প্রকল্পটি ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে পরিচালিত হবে। চালু হওয়া পোর্টালের মাধ্যমে দিল্লির প্রায় ২.২৫ লক্ষ পরিবারে সম্পূর্ণ বিনামূল্যে সোলার প্যানেল বসানোর লক্ষ্য নেওয়া হয়েছে।