নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ত্রিপুরার এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ভোটের কাজে নিযুক্ত কর্মীদের ভোটগ্রহণ।আগামী ২৮ সেপ্টেম্বর ত্রিপুরায় অনুষ্ঠিত হবে এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন। তার আগে ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট কর্মীদের ভোটদানের প্রক্রিয়া। চলবে ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত।ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের অধীনে ফটিকরায় বিধানসভা কেন্দ্রের রাজকান্দি এডিসি ভিলেজের জোনাল অফিসেও মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয় ভোটকর্মীদের ভোটদানের প্রক্রিয়া।কড়া নিরাপত্তার মধ্যেই সকাল থেকে জোনাল অফিসে লাইন দিয়ে ভোট দিতে দেখা যায় ভোটের কাজে নিযুক্ত সরকারি কর্মীদের। পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন তাঁরা।রাজকান্দি এডিসি এলাকার এই ভোটকেন্দ্রে মোট ভোটার রয়েছেন ১৬০ জন। প্রশাসনের তরফে থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ।অবশ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির কারণ দেখিয়ে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কোন প্রতিক্রিয়া দেননি নির্বাচনের রিটার্নিং অফিসার তথা কুমারঘাট ব্লকের বিডিও। যদিও নির্ধারিত সময়ে ভোট শুরু হয়ে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে বলে জানালেন ভোট দিতে আসা ভোট কর্মীরা। এদিকে, রাজকান্দি এডিসি এলাকায় ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি, তিপ্রামথা, সিপিআইএম, কংগ্রেস এবং নির্দল প্রার্থীরা।মূল নির্বাচনের আগে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণকে ঘিরে রাজকান্দি এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।কার্যত ভোট কর্মীদের এই ভোট গ্রহণের মাধ্যমেই শুরু হয়ে গেল এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহণের কাজ।২৮ সেপ্টেম্বরের মূল ভোটপর্বের আগে ভোটকর্মীদের এই ভোটগ্রহণকে ঘিরেও বিশেষ নজর রয়েছে প্রশাসনের।ভোট কর্মীদের এই ভোট দান নির্বাচনের ফলাফলে কার পক্ষে যায় সেটা সময়ই বলবে।