নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সরকারি কর্মচারীদের উৎসবের অগ্রিম এবং অনুদান বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরে রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি সহ বিভিন্ন শ্রেণীর কর্মচারীরা সর্বোচ্চ কুড়ি হাজার টাকা করে উৎসব অগ্রিম পাবেন। অঙ্গনওয়াড়ি কর্মী এবং হোম গার্ডরা ৫০০০ টাকা করে অনুদান পাবেন। আশা কর্মীরা পূজা অ্যাডভান্স পাবেন ২০০০ টাকা করে। পূজা অগ্রিম এর জন্য সরকারের খরচ হবে ১৮৩ কোটি ৭৭ লক্ষ টাকা। অর্থমন্ত্রী আরো জানান পূজা অনুদান ২ হাজার ১০০ টাকা থেকে বাড়িয়ে ২৪০০ টাকা করা হয়েছে। এর জন্য খরচ হবে ৪৭.১৬ কোটি টাকা। অর্থমন্ত্রী আরো জানান, রাজ্য সরকারের ৯৯ হাজার ৯৮৪ জন নিয়মিত কর্মচারী সহ মোট ১ লক্ষ ৪৮ হাজার ৫০০ এক জন কর্মচারী এবং ৮৫ হাজার ৯১৬ জন পেনশনভোগীও পারিবারিক পেনশনভোগীরা এর মাধ্যমে উপকৃত হবেন। সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী আরো জানান, উৎসব অগ্রিমের জন্য কর্মচারীদের আবেদন জানাতে হবে। কিন্তু উৎসব অনুদানের জন্য কোন আবেদন জানাতে হবে না।