নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রাজধানীর রাজপথে আগুনে ঝলসে মৃত্যু হতে পারতো এক মা ও ছেলের। বরাত জোরে বেঁচে গেলেন তারা। ঘটনা রাজধানীর পুরনো মোটরস্ট্যান্ড এলাকার নির্মীয়মান পি আর এম সেন্ট্রাল পয়েন্ট পার্কিং জোনের সামনে। এদিন স্কুটিতে করে মাকে নিয়ে আইজিএম হাসপাতাল যাচ্ছিলেন আড়ালিয়ার লোকনাথ আশ্রম সংলগ্ন এলাকার বাসিন্দা দীপ্তনু শর্মা। নির্মীয়মান পি আর এম সেন্ট্রাল পয়েন্ট পার্কিং জোন এর উপর তলায় চলছিল রোড ঝালাইয়ের কাজ। সেখান থেকে এক প্রকার উল্কা বৃষ্টি ঝরে পড়তে শুরু করে মাটিতে। আর ঠিক সেই সময়েই সেই পথ ধরে স্কুলটিতে করে চলছিলেন মা এবং ছেলে। দুজনের মাথায় হেলমেট থাকায় বরাত জোরে বেঁচে যান তারা। এদিন ভাগ্যের জোরে বেঁচে যাওয়া দীপ্তনু শর্মা জানান, রাস্তায় মানুষ চলছে, আর কর্তৃপক্ষ ঝালাইয়ের কাজ শুরু করেছে ।রাস্তায় উলকা বৃষ্টির মত ঝালাই থেকে আগুন ঝরে পড়ছে। তার এবং তার মার মাথায় হেলমেট না থাকলে পরে বড় ধরনের বিপদ হতে পারতো তাদের। তিনি আরো জানান ,এত সাংঘাতিক ঘটনার পরও কর্তৃপক্ষের কোন হেলদোল নেই। পুলিশ থেকে শুরু করে প্রশাসন বিষয়টি দেখছে না বলে অভিযোগ করেন তিনি। খবর পেয়ে সংবাদ সংগ্রহের কাজে ঘটনা স্হলে ছুটে যান সাংবাদিকরা। কিন্তু পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের বেসরকারি নিরাপত্তা কর্মীরা বাধা দান করেন। কার নির্দেশে তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দিচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানাতে পারেননি এই বেসরকারি নিরাপত্তা কর্মীরা। তবে এই ঘটনায় পথ চলতি জনসাধারণের মনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য পুরনো মোটরস্ট্যান্ডে ২০০ কোটি টাকার সেন্ট্রাল পয়েন্ট শপিং মল এবং মাল্টি কমপ্লেক্স নির্মাণ হচ্ছে। নির্মাণ কাজের শুরুতেই মাটি ধসে নির্মীয়মান ভবনের পরিকাঠামোর ব্যাপক বিপর্যয় ঘটে। এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়ানো সেই ঘটনায় প্রশাসন কি ভূমিকা নিয়েছিল তা আজও জানা যায়নি।এদিনের এই ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করবে কিনা তাও সময়ই বলবে।