নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ২০২৪ সালে টেট-১ ও টেট-২ উত্তীর্ণ ১৮৫৬ জন চাকরিপ্রার্থীর একসঙ্গে নিয়োগের দাবিতে ফের সরব হলেন বেকার যুবক-যুবতীরা। বৃহস্পতিবার নিয়োগের দাবি নিয়ে জেআরবিটি বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যান টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের একাংশ।চাকরিপ্রার্থীদের দাবি, ২০২৪ সালে টেট-১ ও টেট-২ পরীক্ষায় উত্তীর্ণ সকল ১৮৫৬ জনকে অবিলম্বে একযোগে নিয়োগ করতে হবে। দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা সত্ত্বেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।আন্দোলনকারীদের অভিযোগ, নিয়োগের বিষয়টি নিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করা হলেও এখনও পর্যন্ত তাঁদের সঙ্গে দেখা করার সুযোগ মেলেনি। ফলে বাধ্য হয়েই তারা বারবার আন্দোলনের পথে নামছেন বলে জানান চাকরিপ্রার্থীরা।এদিন শিক্ষা ভবনের সামনে চাকরির দাবিতে বিক্ষোভ দেখান টেট উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে। পরবর্তীতে বেশ কয়েকজন আন্দোলনকারীকে পুলিশ গ্রেফতার করে গাড়িতে করে এডি নগর পুলিশ লাইনের মাঠে নিয়ে যায়।চাকরিপ্রার্থীদের হুঁশিয়ারি, দ্রুত ১৮৫৬ জন টেট উত্তীর্ণের নিয়োগের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।