নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একযোগে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। নির্বাচন কারচুপির মতো গুরুতর অভিযোগ তুলে তিনি দাবি করেন, শীর্ষ বিজেপি নেতৃত্বের পূর্ণ মদত ছাড়া নির্বাচন কমিশনের পক্ষে এমন বেআইনি কাজ করা কার্যত অসম্ভব। একই সঙ্গে তিনি সিইসি জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ এবং তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগে ফৌজদারি বিচার প্রক্রিয়ার দাবি জানিয়েছেন।শনিবার কেরলমের মালাপ্পুরমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়ানাড়ের সাংসদ বলেন, "বিজেপি কেবল নির্বাচন কমিশনারকেই আড়াল করছে না, তারা আসলে নিজেদের কেন্দ্রীয় নেতৃত্বকে বাঁচাতে চাইছে। শীর্ষ নেতৃত্বের পূর্ণ সমর্থন ও সক্রিয় মদত ছাড়া কোনো নির্বাচন কমিশনারের পক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে এমন বেআইনি ও গুরুতর অপরাধমূলক কাজে যুক্ত থাকা একপ্রকার অসম্ভব।" ভোট কারচুপি ও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, "নির্বাচন কমিশন যদি ভোটে কারচুপি করতে বিজেপিকে মদত দিয়ে থাকে, তবে তারা যে কোনো উপায়ে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেই। প্রতি নির্বাচনের আগে শাসকদলের নেতারা অতিরিক্ত আত্মবিশ্বাস দেখিয়ে আগাম বলে দেন ঠিক কতগুলি আসন পাবেন। অথচ দেশের সাধারণ মানুষ তাদের ওপর অসন্তুষ্ট। ফলে মাটিতে জনতার মনোভাব এক রকম, আর ভোটের ফল প্রকাশের পর দেখা যাচ্ছে সম্পূর্ণ আলাদা দৃশ্য।"