নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দুর্গাপূজাকে সামনে রেখে শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভার বিকাশ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমবাসা টাউন ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘বসে আঁকো প্রতিযোগিতা-২০২৬’। রবিবার আমবাসার PM Shri Chandra Para Class XII School-এ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের জন্যও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। বিভিন্ন বয়স ও শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিষয়ও নির্ধারণ করা হয়েছে পৃথকভাবে।প্রতিযোগিতায় নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ‘ক-বিভাগ’-এ রাখা হয়েছে। তাদের আঁকার বিষয় ‘যেমন খুশি’। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ‘খ-বিভাগে’ রাখা হয়েছে এবং তাদের বিষয় ‘দুর্গাপূজা বিষয়ক যেমন খুশি’।অন্যদিকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ‘গ-বিভাগে’ রাখা হয়েছে। এই বিভাগের বিষয় ‘দুর্গাপূজা হোক পরিচ্ছন্নতার উৎসব / No use of Plastic’। নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্য ‘ঘ-বিভাগ’-এর বিষয় নির্ধারণ করা হয়েছে ‘বাল্যবিবাহ রোধ করুন / বেটি বাঁচাও, বেটি পড়াও’। একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ‘ঙ-বিভাগে’ রাখা হয়েছে। তাদের বিষয় ‘নেশামুক্ত সমাজ, সুস্থ প্রজন্ম’।এছাড়াও অভিভাবকদের জন্য পৃথক বিভাগ রাখা হয়েছে। অভিভাবকদের আঁকার বিষয় ‘যেমন খুশি’, যার মধ্যে দুর্গাপূজা বিষয়ক বা সামাজিক বার্তা তুলে ধরার সুযোগ থাকছে।টাউন ক্লাবের এই উদ্যোগে একদিকে যেমন ছোটদের ছবি আঁকার প্রতি আগ্রহ ও সৃজনশীলতা বাড়বে, অন্যদিকে বিভিন্ন সামাজিক বিষয়কে কেন্দ্র করে সচেতনতার বার্তাও ছড়িয়ে পড়বে বলে মনে করছেন আয়োজকরা। বিশেষ করে প্লাস্টিক বর্জন, পরিচ্ছন্ন দুর্গাপূজা, বাল্যবিবাহ প্রতিরোধ, কন্যাশিক্ষা এবং নেশামুক্ত সমাজের মতো বিষয়কে প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে। দুর্গাপূজার প্রাক্কালে আমবাসা টাউন ক্লাবের এই উদ্যোগকে ঘিরে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।