কালীবাজারে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে বাধার ঘটনার নিন্দা ও ধিক্কার জানালেন বিরোধী দলনেতা

Sep 27, 2026

কালীবাজারে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে বাধার ঘটনার নিন্দা ও ধিক্কার জানালেন বিরোধী দলনেতা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রবিবার বামুটিয়ার কালী বাজারে সিপিআইএম কার্যালয়ে মোহনপুর মহকুমার ডি ওয়াই এফ আই'র বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে যাওয়ার পথে কালীবাজারে বিজেপি কর্মী সমর্থকরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়ি এবং কনভয়কে বাধা দানের চেষ্টা করে। ঘটনার পাল্টা প্রতিরোধ গড়ে তোলে ডিওয়াইএফআই কর্মী সমর্থকরাও। কালীবাজারের এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানান বিরোধী দলনেতা জীতেন চৌধুরী। বিরোধী দলনেতা বলেন ,বিজেপি যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এই ঘটনা এর প্রমান। সিপিএমের ঘরোয়া সভাকেও এখন ভয় পাচ্ছে তারা। ঘটনার খবর পেয়ে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজিপিকে ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিরোধী দলনেতা। ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে ভারপ্রাপ্ত ডিজিপি বিরোধী দলনেতাকে আশ্বস্ত করেন বলে জানান জীতেন চৌধুরী। এদিন এক প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা আরো জানান, গণতন্ত্রের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা থাকলে পরে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট মহকুমার মন্ত্রী রতনলাল নাথ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। তিনি বলেন, এই ঘটনা যেন আর পুনরাবৃত্তি না ঘটে। অন্যথায় মানুষ প্রতিরোধের জন্য রাস্তায় নামলে তারা পালানোর কোন পথ খুঁজে পাবেন না। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যের বিভিন্ন মহলেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বামুটিয়া এবং কালীবাজার এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।