শিউলির সুবাস, নীল আকাশ আর কাশফুলের দোলায় বাঙ্গালির মনে দুর্গাপূজার আবাহন

Sep 27, 2026

শিউলির সুবাস, নীল আকাশ আর কাশফুলের দোলায় বাঙ্গালির মনে দুর্গাপূজার আবাহন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ শুভ্র আকাশে পেঁজা তুলোর মতো ভেসে বেড়ানো মেঘের ভেলা, নীল আকাশের নীচে দিগন্তজুড়ে কাশফুলের দোলা আর ভোরের বাতাসে শিউলির মিষ্টি সুবাস—প্রকৃতির এই চেনা রূপই যেন বাঙ্গালির মনে একটাই বার্তা পৌঁছে দেয়, “মা আসছেন!”বর্ষার বিদায়লগ্নে শরতের আগমন মানেই প্রকৃতির সাজে এক অপূর্ব পরিবর্তন। আকাশ হয়ে ওঠে নির্মল নীল, মাঠের আলপথের দু'ধারে মাথা দোলায় কাশফুল। ভোরের শিশিরভেজা ঘাসের উপর ছড়িয়ে থাকে শিউলি। আর সেই চিরচেনা শরৎ-সৌন্দর্যের হাত ধরেই বাঙ্গালির হৃদয়ে জেগে ওঠে শারদীয়ার আবেগ।বাঙ্গালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম প্রধান উৎসব শারদীয়া দুর্গাপূজা। ধর্মীয় আচার-অনুষ্ঠানের গণ্ডি ছাড়িয়ে এই উৎসব আজ বাঙ্গালির আবেগ, সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। তাই দুর্গাপূজার আগমন শুধু পঞ্জিকার পাতায় নয়, প্রকৃতির রূপ বদলের মধ্য দিয়েও অনুভব করেন মানুষ।এ প্রসঙ্গে তেলিয়ামুড়ার বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ রুমা ভট্টাচার্য্য বলেন, “কাশফুল শুধুমাত্র একটি ফুল নয়, এটি আনন্দের দূত, একটি বার্তাবাহক। কাশফুল মায়ের আগমনের বার্তা নিয়ে আসে।”তিনি আরও বলেন, “যখনই আমরা কাশফুল দেখতে পাই, তখনই আমাদের মন আনন্দে মেতে ওঠে—মনে হয়, আসছে আমাদের ঘরের মেয়ে উমা। কাশফুল যেন তার শুভ্র পাখা মেলে বলে, মাগো তুমি এসো।”প্রকৃতির এই সাদা-শুভ্র আবরণ যেন দেবী দুর্গার আগমনের আগে পৃথিবীর নিজস্ব এক সাজসজ্জা। কাশফুলের দোলায় দোল খায় শৈশবের স্মৃতি, শিউলির সুবাসে ফিরে আসে পুজোর ভোর, আর ঢাকের কাল্পনিক শব্দে মন অপেক্ষা করতে শুরু করে সেই কাঙ্ক্ষিত চারটি দিনের জন্য।শরৎ তাই শুধুই একটি ঋতু নয়—শরৎ মানেই বাঙালির আবেগ, নস্টালজিয়া আর উমার ঘরে ফেরার প্রতীক্ষা। দিগন্ত জোড়া কাশফুল যেন আজ প্রকৃতির ভাষায় একটাই কথা বলছে—“শুভ্রতার ডানায় ভর করে এসো মা, আবার আলোয় ভরে দাও বাংলার আকাশ-বাতাস।”