জনগণনা আমাদের সবার জাতীয় দায়িত্ব; মন কি বাতে বললেন প্রধানমন্ত্রী

Sep 28, 2026

জনগণনা আমাদের সবার জাতীয় দায়িত্ব; মন কি বাতে বললেন প্রধানমন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার মন কি বাত অনুষ্ঠানে দেশ-বিদেশের মানুষের সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নিলেন। এটি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের ১৩৮-তম পর্ব। এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জনগণনা আমাদের সবার জাতীয় দায়িত্ব। আমি ১৫ আগস্টও দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছিলাম যে, এর জন্য অবশ্যই নিজের সময় বের করে নিন। জনগণনার জন্য নিজের তথ্য নিজে নথিভুক্ত করার এই ব্যবস্থা অত্যন্ত সহজ। আপনি নিজের মোবাইল থেকেই আপনার ও আপনার পরিবারের তথ্য নথিভুক্ত করতে পারেন। এই সুবিধা হিন্দি সহ ১৬টি ভাষায় উপলব্ধ রয়েছে। বন্ধুরা, এর জন্য আপনাদের জনগণনার অনলাইন পোর্টালে যেতে হবে। এই পোর্টালটি হলো - se.census.gov.in। এই পোর্টালে গিয়ে আপনারা আপনাদের মোবাইল নম্বর দিয়ে লগইন করুন , নিজের অঞ্চল নথিভুক্ত করুন, আপনার পরিবার সম্পর্কিত তথ্য পূরণ করুন আর সাবমিট করে দিন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিতে ১৫ থেকে ২০ মিনিটের মতো সময় লাগে। এর জন্য আপনাদের কোনো ডকুমেন্টও আপলোড করতে হবে না। তথ্য সাবমিট করার পর আপনি একটি বিশেষ আইডি পাবেন। যখন গণনাকর্মী আপনার ঘরে আসবেন, তখন আপনি তাকে এই আইডি-টি বলতে পারেন। আপনার দেওয়া তথ্য যাচাই হওয়ার পর তা জনগণনার অংশ হয়ে যাবে। বন্ধুরা, এখনও পর্যন্ত মোবাইল থেকে ২ কোটি ৬০ লক্ষেরও বেশি মানুষ জনগণনা পোর্টালে নিজেদের তথ্য দিয়েছেন, স্ব-গণনা করেছেন। আপনাদেরও এতে অল্প কিছুটা সময় ব্যয় হবে, কিন্তু দেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার সঠিক তথ্য, আপনার পরিবারের সঠিক তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে।