সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করলে কড়া জবাব দেওয়া হবে; মন কি বাতে বার্তা প্রধানমন্ত্রীর

Sep 28, 2026

সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করলে কড়া জবাব দেওয়া হবে; মন কি বাতে বার্তা প্রধানমন্ত্রীর

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার মন কি বাত অনুষ্ঠানে দেশ-বিদেশের মানুষের সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নিলেন। এটি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের ১৩৮-তম পর্ব। এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দশ বছর আগে, ২০১৬ সালের ২৮-২৯ সেপ্টেম্বরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানায় সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে আমাদের বীর জওয়ানরা যেভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঘাত হেনেছিল তা দেখে বিস্মিত হয়ে গিয়েছিল দুনিয়া। সার্জিক্যাল স্ট্রাইক সদর্পে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ উপস্থিত করেছিল। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে, সেই কষ্টের বিরুদ্ধে আমাদের নির্ণায়ক জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক। গত এক দশকে বালাকোটের এয়ার স্ট্রাইক থেকে শুরু করে ‘অপারেশন সিঁদুর’ অবধি ভারত এই স্পষ্ট বার্তা দিয়েছে যে যদি সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করে তবে তার কড়া জবাব দেওয়া হবে। সন্ত্রাসবাদী হামলা দীর্ঘ সময় ধরে আহত করেছে ভারতকে। একটা সময় ছিল যখন ধারাবাহিক বিস্ফোরণ ভারতে খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এই সেপ্টেম্বর মাসে অর্থাৎ ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ঘটে যাওয়া ধারাবাহিক বিস্ফোরণে বহু নির্দোষ মানুষের মৃত্যু হয়। এর কয়েক সপ্তাহ পরেই মুম্বাইতে ২৬/১১-য় বড় হামলা হয়। আগেও প্রতিটি সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠত কিন্তু সে ব্যাপারে তেমন গুরুত্ব দেওয়া হত না। সময় অতিবাহিত হওয়ার অপেক্ষা করা হত। এখন আজকের ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি নিয়ে চলছে আর আমরা এর ফলাফলও দেখতে পাচ্ছি।