নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ এশিয়ান গেমস ২০২৬-এ ভারতের জয়যাত্রা অব্যাহত। কম্পাউন্ড মিক্সড টিম তিরন্দাজি ইভেন্টে অসাধারণ পারফর্ম করে দেশকে স্বর্ণপদক এনে দিলেন ভারতীয় তিরন্দাজ জুটি চিকিথা তানিপরথি ও সাহিল রাজেশ যাদব। এই ঐতিহাসিক জয়ের জন্য তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।বুধবার সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি লেখেন, "কম্পাউন্ড মিক্সড তিরন্দাজি দলগত ইভেন্টে সোনা জেতার জন্য চিকিথা তানিপরথি এবং সাহিল রাজেশ যাদবকে আমার আন্তরিক অভিনন্দন! নিখুঁত লক্ষ্যভেদ, নির্ভুলতা এবং ধারাবাহিকতার মেলবন্ধনে এক অনবদ্য পারফরম্যান্স তুলে ধরেছেন আপনারা। দক্ষতা ও অদম্য সংকল্পের এক অপূর্ব নিদর্শন।"উল্লেখ্য, জাপানের আইচি-নাগোয়ায় আয়োজিত অত্যন্ত টানটান ও রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ কোরিয়ার জুটিকে শুট-অফে ১৫৮-১৫৭ ব্যবধানে হারিয়ে এই সোনা ছিনিয়ে নেয় ভারতীয় জুটি। নির্ধারিত রাউন্ডে দু’দলের স্কোর ১৫৭-১৫৭ থাকার পর স্নায়ুর চাপ সামলে নিখুঁত নিশানা লাগান সাহিল ও চিকিথা। এই স্বর্ণপদক জয়ের পাশাপাশি ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকের কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টের যোগ্যতামানও অর্জন করল ভারত।