নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বুধবার গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রডিউসারস ইউনিয়ন লিমিটেডের বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্য করেন রাজ্য সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রডিউসারস ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান রতন ঘোষ, ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ডের উত্তর পূর্বাঞ্চলীয় প্রধান সব্যসাচী রায়, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের সচিব সহ বোর্ডের সদস্যরা। এই বোর্ড মিটিংয়ে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এডিন মন্ত্রী সুধাংশু দাস এই সংবাদ জানান। তিনি জানান, সম্প্রতি প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রডিউসারস ইউনিয়ন লিমিটেড এবং ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড বা এনডিডিবি এর মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়। এর মূল লক্ষ্য হলো রাজ্যে দুধ এবং দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি করা। এই ত্রিপাক্ষিক চুক্তির পর প্রথমবারের মতো এনডিডিবি আধিকারিকদের উপস্থিতিতে বোর্ড মিটিং অনুষ্ঠিত হচ্ছে। মন্ত্রী আরো জানান, রাজ্যে সুষম খাদ্য দুধের চাহিদা অনুসারে উৎপাদন নেই ।দুধের উৎপাদন বৃদ্ধির প্রচেষ্টা জারি রয়েছে ।ভারত সরকারের সাহায্য সহযোগিতা ছাড়া তা সম্ভব নয়। মন্ত্রী আরো জানান, এনডিডিবি দেশের দুগ্ধ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। তারা রাজ্যকে তাদের দুগ্ধ উৎপাদনের স্কিল প্রদান করতে চাইছে। এই বিষয়ে এদিনের বোর্ড মিটিংয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস। এদিন গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রডিউসারস ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান রতন ঘোষ জানান ,১৯৮৩ সালে ৫ হাজার লিটার দুধ উৎপাদনের লক্ষ্য নিয়ে এই ইউনিয়ন গঠিত হয়েছিল। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতায় এর উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়ে ৪০ হাজার লিটার হয়েছে। পাশাপাশি দুধের সাথে পনির, ঘি, আইসক্রিম ,বিভিন্ন প্রকারের মিষ্টি উৎপন্ন হচ্ছে। গোমতীর ডায়েরী মিল্কের উৎপাদিত সামগ্রীর ব্যবহার সম্পর্কে রাজ্যবাসীর মধ্যে ব্যাপক প্রচার সংঘটিত করার বিষয়টিও এই বোর্ড মিটিংয়ে আলোচনা হবে বলে জানান চেয়ারম্যান রতন ঘোষ।