নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনাকে ‘নরকে ব্যয়বহুল অভিযান’ আখ্যা দিয়েছেন তিনি।বুধবার ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে এক যুগের লড়াইয়ের ইতি ঘটল। খবর আরব নিউজের।বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যকার এক চুক্তির আওতায় উত্তর ইরাকের একটি বিমানঘাঁটি থেকে অবশিষ্ট মার্কিন সেনারা চলে যায়।৩০ সেপ্টেম্বরের সময়সীমার মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টিকে ‘সুশৃঙ্খল’ আখ্যা দিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘অনেক সময় পেরিয়েছে; অত্যন্ত বাজে সিদ্ধান্তের কারণেই আমরা প্রথমে এই গোলকধাঁধায় জড়িয়ে পড়েছিলাম। তবে শিগগিরই তা ইতিহাসের পাতায় স্থান করে নেবে।’ তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্র ও ইরাকের বিজয় এবং দায়েশ (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে জয়ের নিদর্শন।দুই বছর আগেই ইরাক থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছিল যুক্তরাষ্ট্র। আর সেনা প্রত্যাহারের ঘটনাটি এমন এক প্রেক্ষাপটে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত ইরাকেও ছড়িয়েছে। ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়ারা মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। জবাবে সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটিতে হামলা করেছে যুক্তরাষ্ট্র।