নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ১ অক্টোবর আমাদের দেশের স্বেচ্ছা রক্তদান আন্দোলনের পথিকৃৎ এবং ট্রান্সফিউশন মেডিসিনের জনক হিসেবে খ্যাত ডাক্তার জয় গোপাল জুলির জন্ম দিবস। ১৯৭৫ সালের এই দিনেই ইন্ডিয়ান সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন এন্ড ইমিউনোহেমাটোলজি, প্রথম জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উদযাপন করে। এরপর থেকে প্রতিবছর এই দিনটি জাতীয় রক্তদান দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এই উপলক্ষে সারাদেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এর অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করে ত্রিপুরার স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ডাক্তার জয় গোপাল জুলির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এই অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী টিংকু রায় জানান, স্বেচ্ছায় রক্ত দান করা একটি অভ্যাসে পরিণত করতে হবে। কিন্তু এর চেয়েও বড় হলো রক্তের প্রয়োজনীয়তা কমানো। মন্ত্রী বলেন, আমরা যদি বাল্যবিবাহ রোধ করতে পারি ,নেশা বন্ধ করতে পারি ,স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে পারি তবে এই ক্ষেত্রে সচেতন হলেই আমরা রক্তের প্রয়োজনীয়তাও কমাতে পারি। এর উদ্যোগ অব্যাহত রাখতে হবে বলে জানান তিনি। এই অনুষ্ঠানে রাজ্যের আর্ট কলেজের ছাত্র-ছাত্রীরা রক্তদাতাদের উৎসাহিত করার লক্ষ্যে একটি সুন্দর প্রদর্শনীর আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।