নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দীর্ঘ ছয় মাস ধরে রাস্তা ও সেতুর বেহাল দশা। বারবার সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় অবশেষে সড়ক অবরোধে সামিল হলেন এলাকার বাসিন্দারা। আমবাসা মহকুমাধীন কাছিমছড়া ভিলেজের কৃষ্ণ কুমার পাড়ার রাস্তা ও সেতু দ্রুত মেরামতের দাবিতে বৃহস্পতিবার নালীছড়ায় কমলপুর-আমবাসা সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা ও সেতুটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এর ফলে প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। কৃষ্ণ কুমার পাড়ায় প্রায় ৫৫টি পরিবার বসবাস করে। স্থানীয়দের দাবি, সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে একাধিকবার জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই তারা সড়ক অবরোধের পথ বেছে নেন। সড়ক অবরোধের জেরে কমলপুর-আমবাসা সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং চরম দুর্ভোগে পড়েন পথচারী ও যানবাহনের যাত্রীরা।পরবর্তীতে আরডি এসডিও বিমল বর্মন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। তাঁর আশ্বাসে অবশেষে অবরোধ প্রত্যাহার করে নেন এলাকাবাসী।