নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ‘স্বচ্ছতা হি সেবা ২০২৬’-এর অঙ্গ হিসেবে আমবাসা পৌর পরিষদের উদ্যোগে আজ, শুক্রবার আমবাসা টাউন হলে অনুষ্ঠিত হয় ‘সেবা সংকল্প অভিযান’।চারা গাছে জল সিঞ্চন করে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিগণ। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, কাউন্সিলর শংকর চক্রবর্তী,কাউন্সিলর সুমন পাল, সিইও রিঙ্কু রিয়াং সহ অন্যান্য। পরিচ্ছন্নতা, জনসচেতনতা এবং শহরকে আরও সুন্দর ও স্বাস্থ্যকর করে তোলার বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রতিদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সাফাই কর্মীদের কাজের স্বীকৃতি ও সম্মান জানানো হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। তাঁদের পরিশ্রম, নিষ্ঠা এবং জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা রক্ষায় অবদানের বিষয়টি অনুষ্ঠানে বিশেষভাবে তুলে ধরা হয়।এছাড়াও অনুষ্ঠানে একটি ইন্টার্যাক্টিভ সেমিনারের আয়োজন করা হয়েছে। পরিচ্ছন্নতা বজায় রাখা, বর্জ্য ব্যবস্থাপনা, জনসচেতনতা বৃদ্ধি এবং শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে সাধারণ মানুষের ভূমিকা নিয়ে আলোচনা হয় সেমিনারে। নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং দৈনন্দিন জীবনে বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনার গুরুত্ব নিয়েও মতবিনিময় করা হয় ।পরিচ্ছন্নতা ও স্বচ্ছতা সংক্রান্ত বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণকারী বা উল্লেখযোগ্য ভূমিকা পালনকারীদের পুরস্কৃত ও উৎসাহিত করা হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে।উল্লেখ্য, কেন্দ্রের ‘স্বচ্ছতা হি সেবা ২০২৬’ কর্মসূচিতে নাগরিকদের অংশগ্রহণ, পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং সাফাই কর্মীদের কল্যাণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ২০২৬ সালের কর্মসূচির মূল ভাবনা ‘Swachhata Mein Sahbhag, Swachh Bharat, Viksit Bharat’—অর্থাৎ পরিচ্ছন্নতার কাজে সকলের অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছ ও উন্নত ভারত গড়ে তোলা। এই কর্মসূচিকে ঘিরে আমবাসা শহরে পরিচ্ছন্নতা ও নাগরিক অংশগ্রহণের বিষয়ে নতুন করে সচেতনতা তৈরি হবে বলে মনে করা হচ্ছে। পৌর পরিষদের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও পরিচ্ছন্নতা রক্ষায় সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।