সংহতি সামাজিক সংস্থার উদ্যোগে ‘স্বচ্ছতা হি সেবা ২০২৬’ কর্মসূচি ও বৃক্ষরোপণ উৎসব

Oct 02, 2026

সংহতি সামাজিক সংস্থার উদ্যোগে ‘স্বচ্ছতা হি সেবা ২০২৬’ কর্মসূচি ও বৃক্ষরোপণ উৎসব

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সবুজায়নের বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে আমবাসায় অনুষ্ঠিত হলো ‘স্বচ্ছতা হি সেবা ২০২৬’ কর্মসূচি ও বৃক্ষরোপণ উৎসব। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আমবাসা শহরের টিআরটিসি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সংহতি সামাজিক সংস্থার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা। ‘একটি গাছ, মায়ের নামে—গাছ লাগান, প্রাণ বাঁচান’—এই বার্তাকে সামনে রেখে বৃক্ষরোপণের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।এদিন কর্মসূচির অংশ হিসেবে  এলাকার টি আর টি সি পাড়া এসবি স্কুল প্রাঙ্গনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পাশাপাশি সাধারণ মানুষকে যেখানে-সেখানে আবর্জনা না ফেলা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হয়।অন্যদিকে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয় বিদ্যালয় প্রাঙ্গনে। কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব, জলবায়ুর ভারসাম্য বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার বার্তা তুলে ধরা হয়। শুধু গাছ লাগানো নয়, রোপণ করা চারাগুলির নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের উপরও গুরুত্ব দেওয়া হয়।সংহতি সামাজিক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণ শুধুমাত্র কোনও নির্দিষ্ট দিনের কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিদিনের জীবনের অংশ করে তুলতে হবে। একটি পরিচ্ছন্ন শহর ও সবুজ পরিবেশ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘গাছ বাঁচলে বাঁচবে পৃথিবী’ এবং ‘পরিচ্ছন্নতা একটি সুস্থ ভবিষ্যতের চাবিকাঠি’—এই বার্তাকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচি আমবাসা শহরে পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা। আয়োজিত এই দুইটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং সংহতি সামাজিক সংস্থার সকল সদস্য ও এলাকাবাসী। স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে সকলের অংশগ্রহণে কর্মসূচি সম্পন্ন হয়।

বিভাগ