নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এদিন কংগ্রেস ভবনের সামনে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। পাশাপাশি শহীদ বেদীতেও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, মহাত্মা গান্ধীর জন্মদিনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। দেশের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, গান্ধীজি ছিলেন অহিংসার প্রতীক। তাঁর আদর্শ ও চিন্তাধারা আজও সমগ্র বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ।তিনি অভিযোগ করেন, বর্তমান শাসন ব্যবস্থায় মহাত্মা গান্ধীর স্বপ্ন ও আদর্শের পাশাপাশি দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংবিধান ও গণতন্ত্র রক্ষার জন্য বিরোধী রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।