নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ সময় ঘনিয়ে এসেছে। জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচকে সামনে রেখে আবেগঘন মন্তব্য করেছেন কোচ লিওনেল স্কালোনি। তার মতে, মেসি জাতীয় দল থেকে বিদায় নিলে আর্জেন্টিনা ফুটবল দল অবশ্যই এগিয়ে যাবে, তবে দলটি আর কখনো আগের মতো থাকবে না।বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের বড় জয়ের পর মেসির বিদায় প্রসঙ্গে কথা বলেন স্কালোনি। মঙ্গলবার বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মনুমেন্তালে অনুষ্ঠিত ওই ম্যাচেই জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামার কথা মেসির।মেসিকে ছাড়া আর্জেন্টিনার কথা ভাবতেই স্মৃতিমেদুর হয়ে পড়ছেন স্কালোনি। তার ভাষায়, এখন থেকে মেসিকে ঘিরে পড়ে থাকবে শুধু স্মৃতি। তবে মেসির বিদায়ের পরও জাতীয় দলকে নিজেদের পথচলা চালিয়ে যেতে হবে বলেও জানিয়েছেন তিনি।স্কালোনির মতে, মেসির উপস্থিতি শুধু সতীর্থদের জন্য নয়, প্রতিপক্ষ ও সমর্থকদের কাছেও বিশেষ এক অনুভূতি তৈরি করে। ফুটবল মাঠে মেসি যে প্রভাব তৈরি করেন, এমন অভিজ্ঞতা তিনি আর কোনো খেলোয়াড়ের ক্ষেত্রে দেখেননি বলেও মন্তব্য করেন আর্জেন্টাইন কোচ।মেসি চলে যাওয়ার পর আর্জেন্টিনা সবচেয়ে বেশি কী হারাবে—এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, জাতীয় দল অবশ্যই থাকবে এবং খেলা চলবে, কিন্তু মেসিকে ছাড়া সেই দল স্বাভাবিকভাবেই আগের চেহারায় থাকবে না।