নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ সরকারি দপ্তরে নিয়োগের ক্ষেত্রে পিআরটিসি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, পুলিশ মহা নির্দেশক অনুরাগ ধান করের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং রাজ্যের সমস্ত শূন্য পদ দ্রুত পূরণের দাবিতে সরব হলো বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই।রবিবার দুপুর আনুমানিক ১টা নাগাদ ডিওয়াইএফআইয়ের বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে তিন দফা দাবিকে সামনে রেখে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। অফিস টিলায় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। সংগঠনের পতাকা হাতে নিয়ে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক মিছিলে অংশগ্রহণ করেন। বিভিন্ন স্লোগানে মিছিলের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে তাদের দাবি তুলে ধরা হয়।মিছিলটি অফিস টিলা বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় অফিস টিলা দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভসভা।সভায় বক্তারা সরকারি নিয়োগ প্রক্রিয়ায় পিআরটিসি বাতিলের সিদ্ধান্ত নিয়ে তাদের আপত্তির কথা তুলে ধরেন। তাঁদের বক্তব্য, নিয়োগের ক্ষেত্রে রাজ্যের স্থায়ী বাসিন্দাদের স্বার্থ ও সুযোগ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। পাশাপাশি পুলিশ মহা নির্দেশক অনুরাগ ধান করের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবিও জোরালোভাবে তুলে ধরা হয়।এছাড়াও রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে থাকা শূন্য পদ দ্রুত পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। বক্তারা বলেন, সরকারি দপ্তরে শূন্য পদ পড়ে থাকার কারণে একদিকে যেমন প্রশাসনিক কাজে প্রভাব পড়ছে, অন্যদিকে চাকরিপ্রত্যাশী যুবকদের মধ্যেও হতাশা তৈরি হচ্ছে। তাই দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করে শূন্য পদ পূরণের দাবি জানানো হয়।বিক্ষোভসভায় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক হিরন্ময় নারায়ণ দেবনাথ, সভাপতি প্রণয় সিংহ, প্রাক্তন যুবনেতা পার্থপ্রতিম মজুমদার, সম্পাদকমণ্ডলীর সদস্য রাজেশ দত্ত, উত্তম দত্ত- সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।তিন দফা দাবিকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের নেতৃত্ব রাজ্য সরকারের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও সভা থেকে ইঙ্গিত দেওয়া হয়।