দিদির দেওয়া উপহারই যেভাবে বদলে গিয়েছিল রণবীরের জীবন

Oct 06, 2026

দিদির দেওয়া উপহারই যেভাবে বদলে গিয়েছিল রণবীরের জীবন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  ২৩তম জন্মদিনে দিদি এমন এক উপহার দিয়েছিলেন, যার কথা মনে পড়লে আজও অবাক হয়ে যান বলিউড অভিনেতা রণবীর সিং। বলি বাদশাহ শাহরুখ খানের মুখ সরিয়ে তার জায়গায় রণবীরের মুখ বসিয়ে তৈরি করা হয়েছিল ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ এবং ‘ধুম’ সিনেমার পোস্টার। সেই সময় রণবীর সিং অভিনয় জগতেই পা রাখেননি। কয়েক বছর পর সেই কল্পনাই যেন বাস্তব হয়ে দাঁড়ায় অভিনেতা রণবীরের জীবনে। অবিশ্বাস্য হলেও সত্যি তার জীবনে এমনটাই ঘটেছিল। অথচ আজ রণবীর সিং একজন প্রতিষ্ঠিত শক্তিশালী অভিনেতা। আজ কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও এক নতুন অধ্যায় রণবীরের জীবনে। দ্বিতীয়বার বাবা হয়েছেন তিনি। গত ১৯ সেপ্টেম্বর তার স্ত্রী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সামাজিক মাধ্যমে ছোট্ট পায়ের ছাপের ছবি দিয়ে মেয়ের জন্মের খবর জানিয়েছিলেন এ তারকা দম্পতি। তাদের প্রথম সন্তান দুয়ার জন্মেছিল ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর।সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনা জানিয়েছিলেন রণবীর সিং। অভিনেতা বলেন, ইতিবাচক চিন্তাভাবনা এবং নিজের ভবিষ্যতের কল্পনার বিষয়ে একটি বই পড়েছিলেন তার দিদি। সেখান থেকেই ভাইকে ভবিষ্যতের সফল অভিনেতা হিসাবে কল্পনা করার ভাবনা আসে তার।জানা গেছে, জন্মদিনে কেকের বদলে দিদি তাকে কয়েকটি ছোট ছবি উপহার দিয়েছিলেন। জনপ্রিয় ছবির পোস্টারে শাহরুখের মুখের জায়গায় বসানো হয়েছিল রণবীরের মুখ। সেই ছবিগুলো নিয়ে নিজের ঘরে টাঙিয়ে রেখেছিলেন রণবীর। পরে মজার ছলেই অভিনেতা  বলেছিলেন— দিদির সেই কল্পনা সত্যি হয়ে গিয়েছিল। দিদির সেই কল্পনার কয়েক বছর পর, ২০১০ সালে যশরাজ ফিল্মসের ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমার হাত ধরে বলিউডে অভিষেক হয় রণবীরের। সেই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছিলেন আনুশকা শর্মা।এরপর একের পর এক সিনেমায় নিজের জায়গা তৈরি করে নেন রণবীর সিং। ‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের পর তার জনপ্রিয়তা আরও বেড়েছে। আসন্ন দিনে তাকে দেখা যাবে ‘প্রলয়’ সিনেমায়। এ সিনেমায় তার বিপরীতে আছেন কল্যাণী প্রিয়দর্শন। রণবীরের ‘ধুরন্ধর’ বক্সঅফিসে বড় সাফল্য পেয়েছে। আলোড়ন ফেলেছিল সেই সিনেমা দেশজুড়ে।শুধু ভারতেই সেই সিনেমাটির আয় প্রায় ৮৯৫ কোটি ৯৬ লাখ টাকা। বিশ্বজুড়ে ছবিটির আয় প্রায় এক হাজার ৩৫৪ কোটি ৮৪ লাখ টাকা।