নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ক্রিশ্চিয়ানো রোনালদোর সাম্প্রতিক আচরণ নিয়ে সরব হয়েছেন ফ্রান্সের সাবেক তারকা ক্রিস্টোফ দুগারি। তার দাবি, নিজের অহংকারের কারণেই রোনালদো ধীরে ধীরে ক্যারিয়ারজুড়ে তৈরি করা ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছেন। খবর গোল ডটকমের।পর্তুগাল জাতীয় দলে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলার মধ্যেই দুগারির এমন মন্তব্য এসেছে। ফ্রান্সের একটি রেডিও অনুষ্ঠানে ১৯৯৮ বিশ্বকাপজয়ী এই সাবেক ফরোয়ার্ড রোনালদোর সাম্প্রতিক আচরণ নিয়ে হতাশা প্রকাশ করেন।রোনালদোর সতীর্থ ও দেশের প্রতি আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে দুগারি বলেন, ‘এটা আমাকে ক্লান্ত করে দিয়েছে। নিজের সতীর্থ ও দেশের প্রতি এত কম সম্মান দেখানো ভয়াবহ ব্যাপার।’দুগারির মতে, রোনালদো একসময় নিজেকে যেভাবে একজন পেশাদার, দলমুখী ও উদার খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, সাম্প্রতিক কর্মকাণ্ডের সঙ্গে তার বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে।তিনি বলেন, ‘এটা আরও খারাপ লাগছে, কারণ এটা তার আগের ভাবমূর্তি নয়। সে সবসময় নিজেকে একজন সুস্থ, দলীয় খেলোয়াড়, অসাধারণ ও উদার মানুষ হিসেবে উপস্থাপন করেছে। কিন্তু গত কয়েক মাসে আমার মনে হচ্ছে সে বদলে গেছে। তার অহংকারই যেন তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে।’ দুগারির দৃষ্টিতে, ক্যারিয়ারের শেষটা আরও মর্যাদাপূর্ণভাবে করার সুযোগ ছিল রোনালদোর সামনে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির কারণে সেই সুযোগ নষ্ট হচ্ছে বলেই মনে করেন তিনি।দুগারি বলেন, ‘সে এমনভাবে বিদায় নিতে পারত, যা সত্যিই বিশাল ও সম্মানজনক হতো। কিন্তু এখন সবকিছু নষ্ট হয়ে গেছে। সে কীভাবে আবার ফিরবে? আর ফিরেই বা কী করবে?’একজন কিংবদন্তি ফুটবলারের জন্য নিজের পারফরম্যান্সের অবস্থান ও সীমাবদ্ধতা বুঝতে পারাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন সাবেক এই ফরাসি তারকা। তার মতে, ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে একজন খেলোয়াড়কে বুঝতে হয় কখন তার পারফরম্যান্স আগের পর্যায়ে নেই।এ প্রসঙ্গে দুগারি বলেন, একজন মহান খেলোয়াড়ের প্রতিভার অংশ এটাও যে, সে বুঝতে পারবে কখন সে আর আগের মতো পারফর্ম করছে না। গত তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতাতেই সেটা দেখা গেছে।রোনালদোকে ছাড়াও পর্তুগাল আরও কার্যকরভাবে খেলতে পারে বলে মনে করেন দুগারি। তার মতে, এখন সময় এসেছে নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার।তিনি বলেন, ‘তার জাতীয় দল তাকে ছাড়া আরও কার্যকর। এখন তার উচিত ছিল দায়িত্ব হস্তান্তরের পর্যায়ে যাওয়া, নতুন প্রজন্মের হাতে ব্যাটন তুলে দেওয়া।’শুধু মাঠে খেলার সময় বা কোচের সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায়ও হতাশা প্রকাশ করেছেন দুগারি।