নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে এবং মুখ্য নির্বাচন কমিশনারকে ‘পুতুল’ আখ্যা দিয়ে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দেশের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মল্লিকার্জুন খাড়গে বলেন, “আমরা এই অবিচারের বিরুদ্ধে লড়াই করছি। স্বাধীনতার পর আমরা যে সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার পেয়েছিলাম, তা মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে এই সরকার।”মুখ্য নির্বাচন কমিশনারকে (সিইসি) সরাসরি নিশানা করে তিনি আরও বলেন, “মুখ্য নির্বাচন কমিশনার আসলে সরকারের হাতের পুতুল। মোদী ও শাহ যা বলেন, তিনি সেটাই করেন। এর ফলে দেশে একনায়কতন্ত্র কায়েম হবে।” এই পরিস্থিতির বিরুদ্ধে তাঁদের অবস্থান স্পষ্ট করে কংগ্রেস সভাপতি স্পষ্ট জানান, “আমরা আমাদের এই লড়াই জারি রাখব।”