বিপর্যয় মোকাবিলায় আরও দক্ষতা বাড়াতে ঊনকোটি জেলার কুমারঘাটে শুরু হলো প্রশিক্ষণ শিবির

Oct 06, 2026

বিপর্যয় মোকাবিলায় আরও দক্ষতা বাড়াতে ঊনকোটি জেলার কুমারঘাটে শুরু হলো প্রশিক্ষণ শিবির

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    বিপর্যয় মোকাবিলায় আরও দক্ষতা বাড়াতে ঊনকোটি জেলার কুমারঘাটে শুরু হলো পাঁচ দিনের বিশেষ প্রশিক্ষণ শিবির। ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে এবং কুমারঘাট মহকুমা প্রশাসনের সহযোগিতায়, NDRF-এর বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে কুমারঘাটে দেও ও মনু নদীর সঙ্গমস্থল হালাইমুড়ায় আয়োজন করা হয়েছে এই প্রশিক্ষণ শিবিরের।শিবিরের উদ্বোধন করেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা। উপস্থিত ছিলেন কুমারঘাটের মহকুমা শাসক শুভম মিনা, এনডিআর‌এফ এর প্রথম ব্যাটেলিয়ানের ইন্সপেক্টর নাগদেও সিং-সহ অন্যান্যরা।টিএস‌আর এর ১৫ নম্বর বাহিনী, সিভিল ডিফেন্স, অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী ও আপদামিত্র স্বেচ্ছাসেবক মিলিয়ে মোট ৮০ জন অংশ নেন এই প্রশিক্ষণ শিবিরে। বিপর্যয়ের সময় উদ্ধারকাজে নিজেদের দক্ষ করে তোলার পাশাপাশি, সরঞ্জাম পরিচালনা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে পাঁচ দিনের এই শিবিরে।আগামী দিনে ঊনকোটি জেলায় SDRF এর আদলে একটি প্রশিক্ষিত উদ্ধারকারী বাহিনী গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা।পাঁচ দিনের এই প্রশিক্ষণে এনডিআর‌এফ এর বিশেষজ্ঞদের কাছ থেকে হাতে-কলমে বিভিন্ন কৌশল শিখবেন সিভিল ডিফেন্স, আপদামিত্র স্বেচ্ছাসেবকরা, দমকল বাহিনী ও টিএস‌আর জাওয়ানেরা। বন্যার সময় নৌকা পরিচালনা থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলার বিভিন্ন সরঞ্জাম ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে এই শিবিরে।কুমারঘাটের মহকুমা শাসক শুভম মিনা জানান, এই প্রশিক্ষণের সুফল হিসেবে ভবিষ্যতে যেকোনও বিপর্যয়ে উদ্ধারকাজ এবং দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ আরও দ্রুত ও কার্যকর হবে। আগামী দিনেও এধরনের প্রশিক্ষণ শিবির আয়োজন করা হবে বলে জানান তিনি।ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে পাঁচ দিনের এই প্রশিক্ষণ শিবিরকে ঘিরে বেশ উৎসাহ দেখা গেছে নতুন প্রশিক্ষনার্থী ও স্থানীয় জনগণের মধ্যেও।সরকারি অর্থ ব্যায়ে আয়োজিত এধরনের প্রশিক্ষণ শিবির আসল বিপর্যয় হলে কতটুকু কাজে আসে সেটাই দেখার।

বিভাগ