নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ৭ অক্টোবরের হামলার পর গত তিন বছরে গাজা, লেবানন, সিরিয়া, ইরান ও ইয়েমেনে প্রায় এক লাখ লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।বুধবার (৭ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে গত তিন বছরের সামরিক অভিযান ও প্রতিরক্ষা সক্ষমতার বিভিন্ন তথ্য তুলে ধরে আইডিএফ। এতে বলা হয়েছে, মোট প্রায় ১ লাখ লক্ষ্যবস্তুর মধ্যে গাজায় ৬৫ হাজার, লেবানন ও সিরিয়ায় ২৮ হাজার, ইরানে ৪ হাজার ৫০০ এবং ইয়েমেনে ৮০টি লক্ষ্যবস্তু ছিল।জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন দেশ থেকে ইসরাইলের দিকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যার হিসাবও দেওয়া হয়েছে। এতে বলা হয়, সিরিয়া থেকে ৫০টি, ইরান থেকে ১ হাজার ২০০টি, লেবানন থেকে ২০ হাজার, গাজা থেকে ১০ হাজার ২০০টি এবং ইয়েমেন থেকে ৯০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।প্রতিবেদনে আইডিএফের হামলায় নিহত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর শীর্ষ নেতাদের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। এতে হিজবুল্লাহ, হামাস ও ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কয়েকজন শীর্ষ কর্মকর্তার নাম রয়েছে।নিহতদের মধ্যে হিজবুল্লাহর সাবেক মহাসচিব হাসান নাসরাল্লাহ ও সংগঠনটির নির্বাহী পরিষদের সাবেক প্রধান হাশেম সাফিয়েদ্দিন, হামাসের রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ার এবং ইজ্জ আদ-দীন আল-কাসসাম ব্রিগেডের সাবেক কমান্ডার মোহাম্মদ দেইফের নাম উল্লেখ করেছে আইডিএফ। এছাড়া আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার আলী হাজিজাদেহ ও আইআরজিসির কমান্ডার-ইন-চিফ হোসেইন সালামির নামও রয়েছে।