নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশব্যাপী কংগ্রেসের আন্দোলন আরো প্রসারিত হচ্ছে। রাজ্যের রাজ্যে শুরু হচ্ছে আন্দোলন। একই দাবিতে সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রাজ্যেও বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ কংগ্রেস। এর মূল কর্মসূচি টি অনুষ্ঠিত হবে আগরতলায়। বৃহস্পতিবার সকাল ১১ টার মধ্যে কংগ্রেস কর্মী সমর্থকরা আগরতলা প্রেসক্লাবের সামনে সমবেত হবেন ।সাড়ে এগারোটা নাগাদ প্রেসক্লাবের সামনে থেকে শুরু হবে বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ডি এম অফিসের সামনের রাস্তায় সমবেত হয়ে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সোচ্চার হবে। এদিন সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের এই কর্মসূচির কথা জানান কংগ্রেসের সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মন। এই কর্মসূচিতে যোগদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এদিন বিভিন্ন দল ত্যাগ করে ৬ জন কংগ্রেস দলে যোগদান করেন ।তাদের দলে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ।