মিমির হবু বরকে যে বার্তা দিলেন অঙ্কুশ

Oct 08, 2026

মিমির হবু বরকে যে বার্তা দিলেন অঙ্কুশ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃএ মুহূর্তে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের খবর নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা। আগামী নভেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী—এমন গুঞ্জন ভাইরাল হয়ে পড়ে। ডিসেম্বরে কালিম্পং-এ হতে পারে ডেস্টিনেশন ওয়েডিং। যদিও এ ব্যাপারে নায়িকার আপ্তসহায়ক এখনো কিছু বলেননি। তবে এবার মিমির হবু স্বামীর উদ্দেশ্যে একটি স্পেশাল বার্তা দিলেন মিমির বন্ধু অভিনেতা অঙ্কুশ হাজরা।অঙ্কুশ আর মিমি দীর্ঘদিনের বন্ধু। তারা একে অপরের প্রতিবেশীও বটে। একসঙ্গে কাজও করেছেন তারা। তাই অভিনেত্রীকে খুব কাছ থেকে চেনেন অঙ্কুশ। মজার মানুষ অঙ্কুশের সঙ্গে মিমির টক-ঝাল-মিষ্টি সম্পর্ক। তাই এবারেও বেশ মজার ছলে মিমির হবু স্বামীকে একটু স্পেশাল বার্তা দিলেন অঙ্কুশ হাজরা।সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘ওর বিয়ে হচ্ছে কিনা আমি সত্যিই জানি না। আমি সংবাদমাধ্যম থেকেই খবর পেয়েছি। ওকে জিজ্ঞাসা করার আমার সাহস নেই।' তিনি বলেন, 'ওকে যদি আমি জিজ্ঞাসা করতে যাই, তাহলে ও চুলের মুঠি ধরে আমায় শেষ করে দেবে। তাই এতটা সাহস আমার নেই।’অভিনেত্রীর হবু স্বামীকে উদ্দেশ্য করে অঙ্কুশ হাজরা বলেন, ‘তুমি যেই হও না কেন, তোমার থেকে একটু হলেও বেশি আমি মিমিকে চিনি। মিমিকে যেটুকু আমি জানি, সেটুকু থেকে বলব— ওকে তোমাকে বুঝতে হবে।' তিনি বলেন, 'ও ভেতর থেকে যতটা কঠিন, বাইরে থেকে ততটাই নরম। রাগের মাথায় ও যদি কিছু বলেও থাকে, সেটা যে ও মন থেকে বলছে না, সেটা তোমায় বুঝে নিতে হবে। ওকে বুঝতে পারলেই আর কোনো অসুবিধা হবে না।’উল্লেখ্য, মিমি চক্রবর্তীর হবু বর নৌ সেনায় কাজ করেন। নাম সিদ্ধার্থ। এটুকুই জানা। ২০২৫ সালের পূজার সময় টালিপাড়ার বন্ধুদের সঙ্গে তোলা একটি ছবিতে মিমির সঙ্গে ধরা দিয়েছিলেন তিনি। যদিও ছবিতে চট করে সিদ্ধার্থকে চেনার উপায় নেই।এর আগে ২০১২ সালে রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে গিয়ে নির্মাতার প্রেমে পড়ে যান মিমি চক্রবর্তী। ২০১৫ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। তখন থেকেই একা জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। কাজের ফাঁকে অবসরে পোষ্যদের নিয়ে সময় কাটে মিমির। তবে এবার অভিনেত্রীর হৃদয়ের ফাঁকা স্থান পূরণ করতে এসেছেন সিদ্ধার্থ।