মোদীর ২৫ বছরের সেবাযাত্রার প্রশংসা নিতিন নবীনের

Oct 08, 2026

মোদীর ২৫ বছরের সেবাযাত্রার প্রশংসা নিতিন নবীনের

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে বিজেপির ‘সেবা সংকল্প অভিযান’-এর অধীনে বুধবার ‘সেবা জ্যোতি’ কর্মসূচি আয়োজিত হচ্ছে। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে মোদীর সাংবিধানিক পদে জনসেবার যাত্রা শুরু হয়েছিল। এই ২৫ বছরের সেবাযাত্রা উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিজেপি। এরই অংশ হিসেবে ৭ অক্টোবর ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’র আয়োজন করা হয়েছে।বুধবার দিল্লিতে আয়োজিত ‘সেবা জ্যোতি’ কর্মসূচিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বলেন, আজকের দিনটি সমস্ত ভারতীয় এবং বিজেপির কর্মীদের কাছে স্মরণীয়। সংগ্রামের মধ্য দিয়ে পথচলা শুরু করে প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করে ধারাবাহিকভাবে এগিয়ে চলা এক ব্যক্তিত্বের ২৫ বছরের যাত্রার সাক্ষী আজ দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ১৪০ কোটি দেশবাসী এবং বিজেপির অগণিত কর্মীর পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন তিনি। বিকশিত ভারতের সংকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর প্রয়াস অনুপ্রেরণাদায়ক বলেও উল্লেখ করেন নবীন।