কলেজটিল্লায় ৬.৮১ এমএলডি জল শোধনাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন

Oct 08, 2026

কলেজটিল্লায় ৬.৮১ এমএলডি জল শোধনাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আগরতলা পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডের কলেজ  টিল্লায় ৬.৮১ এমএলডি ক্ষমতাসম্পন্ন সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পাশাপাশি ৬৮০ কিলোলিটার ওভারহেড ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর স্থাপন, র‍্যাপিড রেসপন্স টিমের গাড়ি ও ট্রাক-মাউন্টেড ওয়াটার ট্যাঙ্কারের ফ্ল্যাগ-অফ এবং AI-ভিত্তিক IVR কলিং ও WhatsApp অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার উদ্বোধন করা হয়।

আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে এক ফোনের মাধ্যমে শহরের জল সরবরাহ সংক্রান্ত বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, আগামী দিনে আগরতলা শহরে জলের চাহিদা বাড়বে। সেই চাহিদা পূরণের পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে যেকোনও সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে র‍্যাপিড রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। শহরের কোথাও জল সরবরাহ সংক্রান্ত সমস্যা দেখা দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমস্যার সমাধান করবে এই দল।

মুখ্যমন্ত্রী আরও বলেন, এই ধরনের আধুনিক পরিকাঠামো ও প্রযুক্তিনির্ভর পরিষেবার মাধ্যমে আগরতলাকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলার কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে