জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগরতলায় কংগ্রেসের বিক্ষোভ মিছিল

Oct 08, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগরতলায় কংগ্রেসের বিক্ষোভ মিছিল

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার আগরতলায় বিক্ষোভ মিছিল করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সর্বভারতীয় কংগ্রেসের ‘সেভ ডেমোক্রেসি’ কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়।এদিন সকালে আগরতলা প্রেস ক্লাবের সামনে কংগ্রেস কর্মী-সমর্থকরা কালো ব্যাজ পরে জমায়েত হন। সেখান থেকেই শুরু হয় বিক্ষোভ মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি পশ্চিম জেলার জেলাশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছায়। সেখানে জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিক্ষোভ দেখান দলীয় কর্মী-সমর্থকরা।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের সিডব্লিউসি সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মন অভিযোগ করেন, দিল্লিতে শান্তিপূর্ণ আন্দোলনের সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে-সহ ইন্ডিয়া ব্লকের নেতাদের পুলিশ হেনস্তা করেছে। তাঁর দাবি, মানুষের গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার দাবিতেই রাজ্যেও আন্দোলনে নেমেছে প্রদেশ কংগ্রেস।

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বভারতীয় কর্মসূচির অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন জেলায়ও ধারাবাহিকভাবে এই আন্দোলন কর্মসূচি পালন করা হয়েছে।