নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ৮ অক্টোবর আগরতলার মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে ‘টিবি মুক্ত ভারত অভিযান’-এর অঙ্গ হিসেবে জোশ (JOSH) টিমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় স্তরে ভার্চুয়াল উদ্বোধন কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, বিধায়িকা মীনা রানী সরকার, স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিব তথা এনএইচএম-এর এমডি সাজু ওয়াহিদ এ, স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. দেবশ্রী দেববর্মা, ডা. অঞ্জন দাস, রাজ্য টিবি অফিসার ডা. নূপুর দেববর্মা, পশ্চিম ত্রিপুরার মুখ্য চিকিৎসা আধিকারিক ডা. শঙ্কর চক্রবর্তীসহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী টিবিমুক্ত ভারত এবং টিবিমুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে কাজ করছেন। সেই লক্ষ্যকে সামনে রেখে জোশ টিমের কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে টিবি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি রোগীদের পাশে দাঁড়ানো হবে।
তিনি জানান, জোশ টিমের কার্যক্রম শুধুমাত্র শহরকেন্দ্রিক থাকবে না। টিবি-প্রবণ এলাকাগুলিতে গিয়ে মানুষকে সচেতন করা, রোগ প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে জানানো এবং আক্রান্তদের প্রয়োজনীয় সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হবে। যুবক-যুবতী, সরকারি কর্মচারী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের এই টিমের সঙ্গে যুক্ত করা হবে এবং স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সমন্বয় করে টিমওয়ার্কের মাধ্যমে কাজ করা হবে।
এদিন তিনি জনপ্রতিনিধিদের প্রতিও আহ্বান জানান, নিজেদের নির্বাচনী এলাকার পঞ্চায়েতগুলিতে টিবি আক্রান্ত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের পাশে দাঁড়াতে এবং প্রয়োজনীয় সহযোগিতা করতে। জোশ টিমের মাধ্যমে পশ্চিম ত্রিপুরা জেলাকে টিবিমুক্ত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করা হবে বলেও জানান তিনি।